রাহুল গান্ধীর প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধীর নয়াদিল্লির বাসভবনের সামনে নিরাপত্তাকর্মীদের প্রহরা। গতকাল ৫৬ দিনের অজ্ঞাতবাস শেষে এই বাড়িতেই ফেরেন রাহুল l ছবি: আইএএনএস
ভারতের কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধীর নয়াদিল্লির বাসভবনের সামনে নিরাপত্তাকর্মীদের প্রহরা। গতকাল ৫৬ দিনের অজ্ঞাতবাস শেষে এই বাড়িতেই ফেরেন রাহুল l ছবি: আইএএনএস

সংসদের বাজেট অধিবেশন শুরুর ঠিক আগে উধাও হয়েছিলেন, ফিরে এলেন বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরুর ঠিক আগে। ভারতের কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধী প্রায় দুই মাসের এই অজ্ঞাতবাস শেষে গতকাল বৃহস্পতিবার ফিরে এলেন। তবে কোথায় এবং ঠিক কী কারণে তাঁর এই অজ্ঞাতবাস, তা অজানাই রইল। দলের পক্ষ থেকে শুধু এটুকু বলা হচ্ছে, রোববার রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে কৃষকদের যে সমাবেশ ডাকা হয়েছে, রাহুল সেখানে ভাষণ দেবেন। মঞ্চে তিনি ও দলনেত্রী সোনিয়া গান্ধীই থাকবেন প্রধান আকর্ষণ। ওই সমাবেশের মূল উদ্দেশ্য সরকারের জমি অধিগ্রহণ অধ্যাদেশের বিরোধিতা করা।
রাহুল কখন ফেরেন তা নিয়ে আগ্রহ দানা বাঁধছিল গত বুধবার থেকেই। কংগ্রেসের বিভিন্ন সূত্র থেকে সেদিন বলা হচ্ছিল, যেকোনো সময় তাঁর প্রত্যাবর্তন ঘটবে। রাত পেরিয়ে বৃহস্পতিবারের সকাল চলে এল। সকাল থেকেই তুঘলক লেনের ১২ নম্বর বাংলোর সামনে সংবাদমাধ্যমের ভিড়। রাহুল কখন ফেরেন বা আদৌ ফেরেন কি না সেই জল্পনা বাড়তে থাকে। তবে নিরাপত্তারক্ষীদের তৎপরতা বোঝায়, রাহুলের আগমন আসন্ন। বেলা সাড়ে ১০টায় সোনিয়ার গাড়ি আসতেই বোঝা যায় রাহুলের প্রত্যাবর্তন স্রেফ সময়ের প্রতীক্ষা। কিছুক্ষণের মধ্যে পৌঁছে যান প্রিয়াঙ্কাও। বাড়ির সামনে ততক্ষণে আতশবাজি নিয়ে হাজির কংগ্রেসের অত্যুৎসাহী কিছু সমর্থকও।

ফেব্রুয়ারিতে নির্বাচনী প্রচারণার সময়  রাহুল l এএফপির ফাইল ছবি
ফেব্রুয়ারিতে নির্বাচনী প্রচারণার সময় রাহুল l এএফপির ফাইল ছবি

দুপুর ১২টা নাগাদ রাহুলের গাড়ির কনভয় আসামাত্র বাজি পোড়ানো শুরু হয়। নিরাপত্তার কঠোর ঘেরাটোপে থাকা রাহুলের গাড়ি ঢুকে যায় বাংলোর অভ্যন্তরে। ভোর থেকে অপেক্ষায় থাকা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা তো দূরের কথা, রাহুল তাঁদের দিকে তাকানওনি। বাংলোয় স্বাগত জানানোর জন্য তখন উপস্থিত শুধু তাঁর মা ও বোন। দুপুর ১২টার কিছু পর প্রিয়াঙ্কা বেরিয়ে যান। প্রায় দেড় ঘণ্টা পর, বেলা দেড়টায় সোনিয়া ও রাহুল বেরিয়ে যান ১০ জনপথে, সোনিয়ার সরকারি বাসভবনে। ততক্ষণে জানাজানি হয়ে গেছে, রাহুল দিল্লি ফিরলেন থাই এয়ারওয়েজের একটি বিমানে, ব্যাংকক থেকে।
টানা ৫৬ দিনের এই অজ্ঞাতবাসের প্রথম দিকের আগ্রহ ছিল রাহুল কোথায় গেলেন এবং বাজেট অধিবেশনের ঠিক আগে কেন গেলেন তা নিয়ে। দুটি আগ্রহের একটিরও নিরসন কংগ্রেসের কেউ ঘটাননি। রাহুলের অফিস থেকে সে সময় বলা হয়েছিল, তিনি দুই সপ্তাহের জন্য বাইরে যাচ্ছেন ‘আত্মসমীক্ষার’ জন্য। দুই সপ্তাহ কেটে গেল, এক মাস কেটে গেল, ক্রমেই দলের বিভিন্ন সূত্রে জানা যেতে থাকে সংগঠন নিয়ে রাহুলের অসন্তোষের কথা। জানা যায়, দলের নেতৃত্ব নিয়ে সোনিয়ার সঙ্গে তাঁর বিরোধের কারণগুলো। কেউ প্রকাশ্যে কিছু না বললেও বিভিন্ন নেতার মন্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট হতে থাকে মা ও ছেলের দ্বন্দ্ব আর নেতৃত্বের প্রশ্নে দলে দুই শিবিরের মেরুকরণ। পূর্ণ দায়িত্ব নিতে হলে সিদ্ধান্ত গ্রহণের পূর্ণ স্বাধীনতা পাওয়ার যে শর্ত রাহুল রেখেছেন, তার বিরোধিতা করে প্রবীণ ও শীর্ষ নেতারা একে একে বিবৃতি দিতে থাকেন। অনেকেই মনে করেন, দলের জন্য সোনিয়াই বেশি গ্রহণযোগ্য।
এই অবস্থায় সাংগঠনিক পরিবর্তন সম্ভব কি? কংগ্রেসের এক শীর্ষ নেতা এই প্রশ্নের জবাবে গতকাল প্রথম আলোকে বলেন, সোনিয়ার দিকেই এখনো পাল্লা ভারী। রাহুলের ভাবনাচিন্তায় কোনো বদল ঘটেছে কি না, এই দুই মাসে তাঁর মধ্যে আদৌ কোনো পরিবর্তন হয়েছে কি না তা বোঝা যাবে রোববারের কৃষক সমাবেশে। ওই নেতা বলেন, নেতৃত্ব নিয়ে দলের বিতর্কটা আপাতত চলবে বলেই মনে হয়।