রাহুল বিতর্কে সংসদ উত্তপ্ত হওয়ার শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুল গান্ধী
রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর বাড়িতে পুলিশের যাওয়া নিয়ে চলা বিতর্ক দেশটির সংসদেও গড়াতে পারে। এতে উত্তপ্ত হয়ে উঠতে পারে সংসদ। বাধাগ্রস্ত হতে পারে সংসদের নিয়মিত কার্যক্রম।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, কাল সোমবার আবার বসছে সংসদ। সংসদের টেবিলে গুরুত্বপূর্ণ অনেক আলোচ্যসূচি রয়েছে। রাহুলের বাড়িতে পুলিশ যাওয়া নিয়ে বিতর্ক এদিন সংসদে গড়ালে অধিবেশনে অচলাবস্থা দেখা দিতে পারে।

ইতিমধ্যে কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে, রাহুলের বাড়িতে পুলিশ যাওয়ার প্রসঙ্গটি তারা সংসদে তুলবে। প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চাইবে জানিয়ে সংসদ অচল করারও হুমকি দিয়েছে তারা।

কংগ্রেসের তরুণ নেতা-কর্মীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনের বাইরে বিক্ষোভ করেছেন।

দিল্লি পুলিশের একটি দল দিন দুয়েক আগে ১২ তুঘলক লেনে রাহুলের সরকারি আবাসে যায়। সেখানে গিয়ে তারা রাহুলের গায়ের রং, চোখের মণির রং, উচ্চতা ইত্যাদি নিয়ে প্রশ্ন করে। সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা পাল্টা প্রশ্ন শুরু করলে চলে যায় পুলিশ। এ নিয়ে শুরু হয় বিতর্ক।

মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে দলের সহসভাপতির ওপর অনর্থক নজরদারির অভিযোগ এনেছে কংগ্রেস। দলের মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেছেন, এটা গুজরাট মডেল, ভারতীয় মডেল নয়। তবে কংগ্রেসের অভিযোগ নাকচ করেছে বিজেপি।

দিল্লি পুলিশের দাবি, রাহুলের বাড়িতে পুলিশের যাওয়া একটা রুটিন প্রক্রিয়ার অংশ। এমন প্রশ্নমালা নিয়ে পুলিশ আরও অনেক নেতার বাড়িতেই গেছে।
১৯৯১ সালে এমনই নজরদারির অভিযোগে রাহুলের বাবা রাজীব গান্ধী তৎকালীন সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেন। এতে প্রধানমন্ত্রী চন্দ্রশেখর পদত্যাগে বাধ্য হয়েছিলেন।