রাহুল ব্রিটিশ নাগরিক কি না, যাচাই করছে লোকসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কংগ্রেস দলের সহসভাপতি রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিক কি না, তা বিচারের দায়িত্ব অবশেষে লোকসভার নৈতিকতাবিষয়ক কমিটিকে দেওয়া হলো। বিজেপির প্রবীণ সদস্য লালকৃষ্ণ আদভানির নেতৃত্বাধীন এ কমিটি রাহুলকে নোটিশ পাঠিয়ে এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছে। জবাবে গতকাল সোমবার সংসদ ভবনে রাহুল বলেছেন, বিষয়টি তাঁরা মোকাবিলা করবেন।
রাহুলের বিরুদ্ধে ব্রিটিশ নাগরিকত্বের অভিযোগ প্রথম এনেছিলেন বিজেপির সদস্য সুব্রহ্মণ্যম স্বামী, যিনি গান্ধী পরিবারের বিরুদ্ধে ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সম্পত্তি হাতানোর মামলাও করেছেন। সুব্রহ্মণ্যম স্বামীর অভিযোগ, ২০০৫ ও ২০০৬ সালে রাহুল যুক্তরাজ্যে একটি কোম্পানি খুলেছিলেন। এর বার্ষিক রিটার্ন জমা দেওয়ার সময় রাহুল নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে পরিচয় দিয়েছিলেন।
কংগ্রেস অবশ্য ওই ব্রিটিশ কোম্পানির অন্য একটি নথি দেখিয়ে বলেছে, গোটা বিষয়টিই রাহুলের বিরুদ্ধে মিথ্যা প্রচার। সেই নথিতে রাহুলের নাগরিকত্বের জায়গায় ভারতই লেখা রয়েছে। কংগ্রেসের দাবি, বিজেপি যা বলছে তা আসলে নিছকই টাইপের ভুল। রাজ্যসভায় কংগ্রেসের নেতা গোলাম নবী আজাদ বলেছেন, এথিক্স কমিটির উচিত পত্রপাঠ এই হাস্যকর অভিযোগটি খারিজ করে দেওয়া। রাহুল অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, অপরাধী হলে তাঁকে জেলে পোরা হোক।