রাহুলই কংগ্রেসের হাল ধরছেন?
বিতর্ক ও অনিশ্চয়তা থাকলেও রাহুল গান্ধীই শেষ পর্যন্ত ভারতের বিরোধী দল কংগ্রেসের সভাপতির পদে আসীন হতে চলেছেন। কংগ্রেসের উচ্চপর্যায়ের সূত্রের বরাত দিয়ে ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য হিন্দু এ খবর দিয়েছে।
দ্য হিন্দুর খবরে বলা হয়, টানা প্রায় দুই মাসের ‘অজ্ঞাতবাস’ থেকে ফিরে আসার পর রাহুল বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গে পরামর্শ করবেন। ভূমি বিলবিরোধী আন্দোলনে রাহুলের মা কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীই সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। এ কারণে দলের ভেতরে অনেকেই রাহুল গান্ধীর নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছিলেন। তবে দলের উচ্চপর্যায়ের একটি সূত্র দ্য হিন্দুকে নিশ্চিত করেছে, প্রশ্ন যা-ই উঠুক, রাহুলই এ বছরের শেষ নাগাদ দলের নেতৃত্ব কাঁধে তুলে নিচ্ছেন।
এদিকে রাহুল গান্ধী দলের কার্যক্রম থেকে ছুটি নিয়ে ৫৬ দিন কোথায় ছিলেন, তা এখনো অস্পষ্ট। তবে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, গত চার সপ্তাহ তিনি মিয়ানমারের একটি ‘বিপাসনা ধ্যান শিবিরে’ কাটিয়েছেন। এর আগে তিনি ঘুরে বেড়িয়েছেন বিভিন্ন স্থানে। রাহুল গত বৃহস্পতিবার দিল্লি ফেরেন ব্যাংকক থেকে।
রাহুল যোগ দেননি: এনডিটিভির খবরে বলা হয়, কংগ্রেস গতকাল শুক্রবার কৃষকদের সমস্যা নিয়ে একটি আলোচনা সভা করলেও তাতে যোগ দেননি রাহুল।