রাহুলকে চার দিনে ৪০ ঘণ্টার বেশি জেরা, আজ আবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুল গান্ধীকে এখন পর্যন্ত চার দিন জেরা করেছে ইডি
ছবি: এএনআই

ন্যাশনাল হেরাল্ড মামলায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আজ মঙ্গলবার পঞ্চম দিনের মতো জেরা করবে ভারতের আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। খবর এনডিটিভির।

পত্রিকাটির অর্থ নয়ছয়ের অভিযোগে রাহুলকে এখন পর্যন্ত চার দিন ইডি জেরা করেছে। চার দিনে তাঁকে ৪০ ঘণ্টার বেশি সময় জেরা করা হয়েছে।

জেরা অসমাপ্ত থাকায় রাহুলকে আজ আবার এ পি জে আবদুল কালাম রোডের ইডি দপ্তরে হাজির হতে হবে।

এক দিনের বিরতি দিয়ে রাহুলকে গতকাল সোমবার নতুন করে জেরা শুরু করে ইডি। রাহুল তাঁর মা ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে হাসপাতালে গিয়ে দেখার জন্য এ বিরতি পেয়েছিলেন।

৭৫ বছর বয়সী সোনিয়ার ২ জুন করোনা শনাক্ত হয়। পরে তাঁকে নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তিনি হাসপাতাল ছেড়েছেন।

একই মামলায় সোনিয়া গান্ধীকেও জেরা করবে ইডি। এ জন্য তাঁকে সমন দেওয়া হয়েছে। ইডি দপ্তরে হাজির হওয়ার জন্য তাঁকে ২৩ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

গতকাল বেলা ১১টা নাগাদ রাহুল ইডি দপ্তরে হাজির হন। মধ্যরাতে তিনি ইডি দপ্তর থেকে বের হন।

কংগ্রেসের দাবি, পুরোনো এ মামলা বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে ইডি নতুন করে মামলার তদন্ত শুরু করেছে।

রাহুলকে ইডির জেরার বিরুদ্ধে কংগ্রেসের নেতা-কর্মী-সমর্থকেরা বিক্ষোভ দেখিয়েছেন। এ বিক্ষোভকে কেন্দ্র করে ধরপাকড়ও হয়েছে।