রাহুলের কংগ্রেসের সভাপতি পদ ছাড়ায় সায় ছিল প্রিয়াঙ্কার
লোকসভা ভোটে বিপর্যয়ের পর রাহুল গান্ধী যে যুক্তি দেখিয়ে কংগ্রেসের সভাপতিত্ব ছেড়েছিলেন, তাতে সায় ছিল প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রর। সেই সময় তিনিও মনে করেছিলেন, গান্ধী পরিবারের বাইরে কারও দলের সভাপতি হওয়া উচিত। সেই বিষয়ে রাহুলের বক্তব্য ছিল যথেষ্ট যুক্তিপূর্ণ। প্রিয়াঙ্কার এই মনোভাব জানাজানি হওয়ার পর কংগ্রেস মহলে এখন একটাই প্রশ্ন, এখনো তিনি সেই মনোভাব আঁকড়ে আছেন কি না। এই প্রশ্নের কোনো জবাব যদিও নেই।
প্রিয়াঙ্কা তাঁর ওই মনোভাবের কথা জানিয়েছিলেন যে সাক্ষাৎকারে, তা ২০১৯ সালের জুলাই মাসে নেওয়া। সেই বছরের ২৫ মে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে দলীয় বিপর্যয়ের দায়িত্ব মাথায় নিয়ে রাহুল পদত্যাগের কথা জানান। ৩ জুলাই দলীয় সমর্থকদের লেখা চিঠিতে নিজের সিদ্ধান্তে অবিচল থাকার কথাও জানিয়ে দেন। সময়ের উল্লেখ না করে সেই সাক্ষাৎকারের একটা অংশ গত বুধবার ভারতের বিভিন্ন কাগজে প্রকাশিত হয়। প্রদীপ চিব্বের ও হর্ষ শাহের লেখা বই ‘ইন্ডিয়া টুমরো: কনভানসেশনস উইথ নেক্সট জেনারেশন পলিটিক্যাল লিডার্স’-এ সেই সাক্ষাৎকারে সে সময় প্রিয়াঙ্কা স্বীকার করেছিলেন, কংগ্রেস সভাপতি পদে ইস্তফা ও গান্ধী পরিবারের বাইরের কারও দলের সর্বোচ্চ পদের দায়িত্ব নেওয়া প্রসঙ্গে রাহুল যা বলেছিলেন, তা তিনি সমর্থন করেন। প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘পদত্যাগপত্রে না লিখলেও অন্যত্র রাহুল বলেছিলেন, আমাদের পরিবারের কারও সভাপতি হওয়া উচিত নয়। আমি ওই বিষয়ে তাঁর সঙ্গে সহমত।’ তিনি বলেছিলেন, ‘আমার মতে দলেরও উচিত নিজের রাস্তা খুঁজে বের করা।’
এমনভাবে সাক্ষাৎকারটি প্রকাশিত, যাতে মনে হতেই পারে, প্রিয়াঙ্কা এখনো সেই মনোভাব আঁকড়ে রয়েছেন। ফলে কংগ্রেস মহলে শুরু হয়েছে গুঞ্জন। রাহুল এখনো সভাপতিপদে ফেরার তেমন কোনো আগ্রহ দেখাননি। প্রকাশ্যে এমন কোনো নতুন ইঙ্গিতও দেননি, যাতে মনে হয় তিনি দায়িত্ব গ্রহণে রাজি। বিষয়টি নিয়ে সাম্প্রতিক কালে তিনি নতুন কোনো মন্তব্যও করেননি। ফলে, এক বছরেরও বেশি সময় আগে নেওয়া সাক্ষাৎকার রাজনৈতিক জল্পনা বাড়িয়ে তুলেছে। দলের দায়িত্ব অস্থায়ীভাবে হলেও এখনো সোনিয়া গান্ধীর হাতে।
কিন্তু ইতিমধ্যে রাহুলের হয়ে স্বর তুলেছেন বহু প্রবীণ ও নবীন নেতা। গত মার্চ মাসে মধ্যপ্রদেশে কংগ্রেস সরকারের সংকট কাটাতে বাড়তি আগ্রহ না দেখালেও এবার রাজস্থান সংকট মেটাতে রাহুল ও প্রিয়াঙ্কা উদ্যোগী হয়ে এগিয়ে আসেন। সংকট কাটিয়ে উঠে সরকার রক্ষাও করেছেন। ফলে কংগ্রেসের সব মহলেই এমন ধারণা জন্মেছে যে রাহুল নতুন উদ্যমে দলের হাল আবার ধরবেন। এই সময় প্রিয়াঙ্কার ওই সাক্ষাৎকার কিছুটা বিভ্রান্তি ছড়িয়েছে। দলের এক নেতা এই বিষয়ে বুধবার প্রথম আলোকে বলেন, যাঁরা চান না কংগ্রেস গা ঝাড়া দিয়ে উঠে বিজেপির মোকাবিলা করুক, এই সংবাদ তাঁদের উৎফুল্ল করবে। সাক্ষাৎকারে সময়ের উল্লেখ না রাখাই তার প্রমাণ। তিনি বলেন, দলের জন্য রাহুল-প্রিয়াঙ্কা কী করছেন, রাজস্থান সংকটই তার প্রমাণ। রাজনীতি থেকে তাঁদের কারও আগ্রহ বিন্দুমাত্র কমেনি।