রাহুলের খোঁজে পোস্টার

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীকে ‘নিখোঁজ’ উল্লেখ করে উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় পোস্টার লাগানো হয়েছে।
আজ বুধবার এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, অনেক দিন ধরে ছুটিতে রাহুল। তিন দফায় ছুটি বাড়িয়েছেন তিনি। ছুটি শেষে চলতি মাসের শেষে তাঁর নয়াদিল্লিতে ফেরার কথা।
রাহুলের ছুটি নেওয়া এবং বর্তমান অবস্থান নিয়ে দলের ভেতরে-বাইরে নানা ধূম্রজাল রয়েছে। কেউ বলছেন, তিনি নতুন আরও বড় দায়িত্ব নেওয়ার আগে ‘রাজনৈতিক আত্মানুসন্ধানে’ ব্যস্ত। কেউবা বলছেন, নিজের মতো দল সাজাতে না পারায় ক্ষুব্ধ রাহুল গা ঢাকা দিয়েছেন। দলের কেউ-ই তাঁর বর্তমান অবস্থান সম্পর্কে সঠিক তথ্য জানাতে পারছেন না।
এমন প্রেক্ষাপটে উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় রাহুলকে নিয়ে পোস্টার দেখা গেল। কংগ্রেসের সহসভাপতির নিজ আসন আমেথিতেও এমন পোস্টার আছে। এতে লেখা রয়েছে-‘নেতা ছাড়া আমেথি’। ওই পোস্টারে হিন্দি ছবির একটি গানের ছত্র ব্যবহার করা হয়েছে। যার বাংলা করলে দাঁড়ায়-কে জানে তুমি কোথায় চলে গেছ।
আমেথির পোস্টারে আসনটির নানা সমস্যার কথা উল্লেখ রয়েছে। এর মধ্যে সড়ক ও স্বাস্থ্যসেবার দুরবস্থার কথাও রয়েছে। পোস্টারে কংগ্রেসের এই সাংসদের ব্যাপারে তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা করা হয়েছে। পোস্টারের নিচে প্রচারকারী হিসেবে ‘আমেথির জনগণ’ লেখা রয়েছে।
ঝাঁসিতে লাগানো পোস্টারে রাহুলের সঙ্গে বিজেপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতীকে লক্ষ্যবস্তু করা হয়েছে। স্থানীয় একটি দল এই পোস্টার লাগিয়েছে। এতে এই দুই রাজনীতিবিদের বিরুদ্ধে এলাকার উন্নয়নে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ আনা হয়েছে।
বুলান্দশাহর ও আল্লাহবাদে বিজেপির কর্মীদের লাগানো পোস্টারে রাহুল সম্পর্কে তথ্য চেয়ে তথ্যদাতার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে।