রাহুলের ছুটি নিয়ে কানাঘুষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুল গান্ধী
রাহুল গান্ধী

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর ছুটি বাড়ানো নিয়ে বিভিন্ন মহলে নানা প্রশ্ন উঠেছে। এ নিয়ে তিন দফায় ছুটি বাড়িয়েছেন তিনি। ছুটি শেষে চলতি মাসের শেষে তাঁর নয়াদিল্লিতে ফেরার কথা।
প্রথম দফায় নেওয়া ছুটি শেষে গত মঙ্গলবার রাহুলের রাজধানীতে ফিরে আসার কথা ছিল। পরে কংগ্রেসের সূত্রে জানানো হয়, চলতি সপ্তাহের শেষ পর্যন্ত তিনি ছুটি বাড়িয়েছেন। তার পরই আবার এই নতুন দফা ছুটি বাড়ানোর খবর জানানো হলো। দল বলেছে, শিগগিরই সভাপতি হিসেবে নতুন জীবন শুরু করার আগে ‘অন্তর্দর্শন’ করার জন্যই তাঁর এই ছুটি নেওয়া।
টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, ছুটিতে থাকায় ভারতের রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ ঘটনায় যুক্ত হতে পারেননি রাহুল। গতকাল বৃহস্পতিবার কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সরকারি আবাসে হেঁটে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কংগ্রেসের শতাধিক নেতা ও সাংসদ। কয়লা কেলেঙ্কারিতে সিবিআই বিচারপতির সমন সত্ত্বেও গোটা কংগ্রেস দল যে মনমোহন সিংয়ের পাশে রয়েছে, তা জানাতেই সোনিয়া এই অভিনব পদযাত্রা করেন। কিন্তু কংগ্রেসের অন্যতম সদস্য রাহুল সেখানে যোগ দিতে পারেননি।

ছুটিতে থাকায় পার্লামেন্টে ভূমি অধিগ্রহণ বিলের আলোচনাতেও অংশ নিতে পারবেন না রাহুল। গত মাসে যন্তর মন্তরে ভূমি বিলের বিরোধিতা করে যে বিক্ষোভ হয় এতেও অংশ নেননি রাহুল। গত ২৩ ফেব্রুয়ারি শুরু হওয়া বাজেট অধিবেশনেও ছুটির কারণে অনুপস্থিত ছিলেন তিনি ।

সর্বশেষ গতকাল বৃহস্পতিবার রাহুল যখন আবার ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিলেন, তখন বিতর্ক চরমে ওঠে। দলের বিভিন্ন সূত্র বলছে, তিনি এই মাসের শেষে ফিরবেন। তবে দলের কয়েকজন সদস্য রাহুলের ফেরার নির্দিষ্ট কোনো তারিখ জানাতে নারাজ।

রাহুল কবে ফিরছেন তা নিয়ে কংগ্রেস দলের সদস্যদের নানা মত চলছে। দলের জ্যেষ্ঠ এক সদস্য জানান, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির অধিবেশন কখন হবে তা রাহুলের ফেরার ওপর অনেকটাই নির্ভর করছে। রাহুলের ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ওই অধিবেশন নিয়েও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে এ ব্যাপারে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির প্রধান মুখপাত্র রণদীপ সারজেওয়ালা বলেন, গুজবকে গুরুত্ব না দেওয়ার জন্য তাঁরা গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছেন। রাহুলের ছুটি নেওয়া একেবারেই তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। এতে দলের ওপর কোনো প্রভাব পড়ছে না। রাহুলের ছুটি থেকে ফেরার ব্যাপারে যখন নিশ্চিতভাবে তথ্য জানা যাবে, তখন গণমাধ্যমকে এ ব্যাপারে জানানো হবে।