রাহুলের নজরে শহুরে মধ্যবিত্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকদের সমস্যা নিয়ে সরকারি ‘উদাসীনতা’ ও জমি অধিগ্রহণ নীতির বিরোধিতার পর কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী এবার শহুরে মধ্যবিত্তদের পাশে এসে দাঁড়ালেন।
সরকারের সমালোচনা করে গতকাল শনিবার রাহুল বলেন, নির্মাতাদের আরও মুনাফা বানাতে সাহায্য করতেই তারা রিয়েল এস্টেট রেগুলেটরি অথোরিটি বিল নতুনভাবে আনতে চাইছে। ফ্ল্যাট ক্রেতাদের বিভিন্ন সংগঠনের সদস্যরা গতকাল রাহুলের সঙ্গে দেখা করেন।
রাজধানী নয়াদিল্লিতে বিভিন্ন আবাসন নির্মাতা প্রতিষ্ঠান ও ক্রেতার মধ্যে মামলা এক লাখেরও বেশি। অধিকাংশ ক্রেতার অভিযোগ, টাকা জমা দেওয়া সত্ত্বেও নির্মাতারা ঠিক সময়ে ফ্ল্যাট দেয় না। যে মাপের ফ্ল্যাট দেওয়ার কথা, তার চেয়ে কম মাপের দেওয়া হয়।
কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ আমলে যে বিলটি আনা হয়েছিল, তাতে অনেকটাই রদবদল করা হয়েছে। মোদি সরকার বড় বড় আবাসন ব্যবসায়ীর স্বার্থেই এটা করছে বলে সংবাদমাধ্যমের কাছে অভিযোগ করেন রাহুল।
কংগ্রেসের আনা বিলে বলা হয়েছিল, প্রকল্পের জন্য সংগৃহীত অর্থের ৭০ শতাংশ আলাদা করে রাখতে হবে, যাতে সেই টাকা অন্য প্রকল্পে খরচ না হয়। নতুন বিলে তার পরিমাণ ৫০ শতাংশ করা হয়েছে। আগের বিলে ‘কার্পেট এরিয়া’-র উল্লেখ করা ছিল, যাতে সাধারণ ক্রেতা বুঝতে পারেন তাঁর ফ্ল্যাটের মাপ ঠিক কতটা। নতুন বিলে তার বদলে রাখা হয়েছে ‘নেট ইউসেবেল এরিয়া’। অনেকের আশঙ্কা, এটি বিভ্রান্তির সৃষ্টি করবে।