রাহুলের ফেরা নিয়ে জল্পনা তুঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনিয়া গান্ধী
সোনিয়া গান্ধী

তাঁর নিরুদ্দেশ হওয়া নিয়ে পোস্টার সাঁটানো হয়েছে। তিনি কোথায় গেছেন এবং কেন গেছেন, সে নিয়ে আজ পর্যন্ত কংগ্রেসের কেউ মুখও খোলেননি। তিনি অর্থাৎ কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী প্রায় দুই মাস হলো দেশছাড়া। তাঁর এই দীর্ঘ অনুপস্থিতি কংগ্রেস রাজনীতিতে অনেক জল্পনার জন্ম দিয়েছে। গতকাল বুধবার দিনভর গুঞ্জন ছিল, রাতের মধ্যে তাঁর প্রত্যাবর্তন ঘটছে।
এমন প্রেক্ষাপটে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি সূত্র গতকাল বলেছে, আজ বৃহস্পতিবারের মধ্যে দিল্লি ফিরবেন রাহুল। শুক্রবার থেকেই দলের বিভিন্ন নেতার সঙ্গে তাঁর সাক্ষাতের সময় ঠিক করা আছে।
রাহুলের ফেরা না-ফেরাকে কেন্দ্র করে কংগ্রেসের সাংগঠনিক সংকটও তীব্র। দলের রাশ কার হাতে থাকবে, সোনিয়া নাকি রাহুল, তা নিয়ে ব্যাপক বিতর্ক চলছে। কংগ্রেসের মুখপাত্র পি সি চাকো গতকাল ঘোষণা করেন, রাহুল শিগগিরই ফিরছেন। ১৯ এপ্রিল দিল্লিতে কিষান-মজদুর জনসভায় সোনিয়া ও রাহুলই প্রধান আকর্ষণ।
গত ২০ ফেব্রুয়ারি কংগ্রেস সূত্রে জানানো হয়, রাহুল কিছুদিনের জন্য ‘বাইরে’ যাবেন। এই বাইরেটা কোথায়, দেশের মধ্যে, না দেশের বাইরে, তারও জবাব কংগ্রেসের কেউ দেননি। সংসদের বাজেট অধিবেশন শুরুর দিন থেকে কেন তিনি দেশত্যাগী হচ্ছেন, সে উত্তরও কেউ দিতে পারেননি। বিশেষ করে, সেই অধিবেশনেই যখন বিতর্কিত জমি অধিগ্রহণ বিল পেশ ও পাস করাতে বিজেপি সরকার বদ্ধপরিকর। ফলে নানাবিধ জল্পনায় কংগ্রেস রাজনীতি সরগরম হয়ে ওঠে।

রাহুল গান্ধী
রাহুল গান্ধী


রাহুলের লোকচক্ষুর অন্তরালে চলে যাওয়ার অন্যতম প্রধান কারণ হিসেবে যা কংগ্রেসে চর্চিত, তা হলো চূড়ান্ত ক্ষমতায়ন। রাহুল মনে করছেন, দল চালানোর দায়িত্ব দিলে সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বও তাঁকে দিতে হবে। তিনি তাঁর মতো দলকে গড়বেন, অপছন্দের নেতাদের বাদ দেবেন, তিনিই ঠিক করবেন দলের কর্মসূচি। সে ক্ষেত্রে মা সোনিয়া গান্ধীর অনুগামীদেরও তিনি রেয়াত দেবেন না। এ নিয়েই নাকি মা ও ছেলের বিরোধ। এ কারণেই অভিমানী পুত্রের দেশত্যাগ। দেশত্যাগের পর কংগ্রেসের পক্ষ থেকে শুধু বলা হয়েছিল, রাহুল কিছুদিনের জন্য জনজীবন থেকে দূরে থাকবেন। আত্মসমীক্ষা করবেন। গতকাল কংগ্রেস সূত্রে ঘোষণা, রাহুলের প্রত্যাবর্তন ঘটতে চলেছে। দু-এক দিনের মধ্যেই শুরু হবে তাঁর রাজনৈতিক মেলামেশা।
রাহুলের প্রত্যাবর্তনকে ঝকমকে করতে আগামী রোববার রামলীলা ময়দানে জমি অধিগ্রহণ অধ্যাদেশের বিরুদ্ধে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। সেই সমাবেশকে হাতিয়ার করেই রাহুল নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে চাইছেন। কৃষিজমি জোর করে অধিগ্রহণের বিরুদ্ধে এই রাহুলই একসময় আন্দোলনে নেমেছিলেন। সেই আন্দোলনে ভর দিয়েই তিনি নতুনভাবে ফিরতে চাইছেন। সমাবেশের দুই দিন আগে রাহুল কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকও করবেন।
কংগ্রেসের অধিকাংশ নেতা-নেত্রী এখনই দলের দায়িত্ব পূর্ণভাবে রাহুলের হাতে তুলে দিতে নারাজ। তাঁরা মনে করেন, এ জন্য তাঁর আরও কিছুদিন সময় প্রয়োজন। অন্যদিকে রাহুল মনে করছেন, দায়িত্ব যদি নিতেই হয়, তাহলে পূর্ণভাবেই নিতে হবে। সে ক্ষেত্রে দল সাজাতে হবে তাঁরই মতো করে। এই টানাপোড়েনে এখনো সোনিয়ার দিকেই পাল্লা ভারী। পাঞ্জাবের নেতা অমরিন্দর সিং দিন কয়েক আগে প্রকাশ্যেই বলেন, সোনিয়ার নেতৃত্বেই দল হৃতগৌরব ফিরে পাবে। দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত মঙ্গলবার বলেন, ‘সোনিয়া দলের জন্য যা করেছেন, তা তুলনাহীন। তাঁর নেতৃত্ব স্বস্তিদায়ক।’
সোনিয়া ও রাহুলের মধ্যে এই ভাগাভাগি দলকে এক সংকটের মুখে দাঁড় করিয়েছে সন্দেহ নেই। রাহুলের প্রত্যাবর্তন সেই সংকটের নিরসন কীভাবে ঘটাবে, সেদিকেই সবার নজর।