রাহুলের বাড়ি গিয়ে বিতর্কে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাহুল গান্ধীর বাড়ি গিয়ে বিতর্কে জড়িয়ে পড়ল দিল্লি পুলিশ। তা-ও আবার রাহুলের গায়ের রং কী রকম, চোখের মণি কালো না বাদামি, উচ্চতা কতটা—এ ধরনের প্রশ্ন করা!
দলের সহসভাপতির ওপর অনর্থক নজরদারির অভিযোগ এনে কংগ্রেস তুলোধোনা করেছে বিজেপি সরকারকে। বলেছে, এটা গুজরাট মডেল, ভারতীয় মডেল নয়। প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাবদিহি চাইবে জানিয়ে কংগ্রেস সোমবার সংসদ অচল করারও হুমকি দিয়েছে।
স্পষ্টতই বিব্রত দিল্লির পুলিশ কমিশনার আত্মপক্ষ সমর্থনে বলেছেন, রাহুলের বাড়িতে পুলিশের যাওয়া একটা রুটিন প্রক্রিয়ার অংশ। এমন প্রশ্নমালা নিয়ে পুলিশ আরও অনেক নেতার বাড়িই গেছে।
ঠিক ১৪ বছর আগে ১৯৯১ সালের মার্চে এমনই নজরদারির অভিযোগে রাহুলের বাবা রাজীব গান্ধী তখনকার সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছিলেন। রাজীবের বাড়ির সামনে দিল্লি পুলিশের দুই কনস্টেবলকে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। তাঁর ওপর নজরদারি করা হচ্ছে—এই অভিযোগে রাজীব সংসদের অধিবেশন চলার সময়েই সমর্থন তুলে নেন। প্রধানমন্ত্রী চন্দ্রশেখর পদত্যাগে বাধ্য হয়েছিলেন।
কংগ্রেসের মুখপাত্র অভিষেক মনু সিংভি গতকাল শনিবার সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা কোনো পুলিশ রাষ্ট্রে বাস করছি না। পুলিশ রাজনৈতিক গোয়েন্দাগিরি শুরু করেছে। এর জবাব প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে।’
রাহুল এখন দিল্লিতে নেই। কিছুদিন ধরে তিনি ‘অজ্ঞাতবাসে’। কেউ বলছেন, তিনি নতুন আরও বড় দায়িত্ব নেওয়ার আগে ‘রাজনৈতিক আত্মানুসন্ধানে’ ব্যস্ত। কেউবা বলছেন, নিজের মতো দল সাজাতে না পারায় ক্ষুব্ধ রাহুল গা ঢাকা দিয়েছেন।
দিল্লি পুলিশের একটি দল দিন দুয়েক আগে ১২ তুঘলক লেনে রাহুলের সরকারি আবাসে যায়। সেখানে গিয়ে তারা রাহুলের গায়ের রং, চোখের মণির রং, উচ্চতা ইত্যাদি প্রশ্ন করতে থাকে। তাদের হাতে একটা ফর্ম ছিল। গান্ধী পরিবারের সদস্য হিসেবে রাহুল গান্ধী দেশের সর্বোচ্চ ‘জেড প্লাস’ নিরাপত্তা পান। নিরাপত্তার দায়িত্বে নিযুক্তরা পাল্টা প্রশ্ন শুরু করলে পুলিশ চলে যায়।
পুলিশের হয়ে গতকাল সাফাই দিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দিল্লির পুলিশ কমিশনার বি এস বাসসি। পুলিশের যাওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ‘নিরাপত্তার স্বার্থে এটা রুটিন খোঁজখবর। সময়ে সময়ে দিল্লি পুলিশ এটা করে। কোনো খারাপ উদ্দেশ্য পুলিশের নেই।’
পুলিশ কমিশনার বলেন, একইভাবে তাঁর দল বিজেপির সভাপতি অমিত শাহ, লালকৃষ্ণ আদভানি, কংগ্রেস নেতা বীরাপ্পা মইলি, এসপি নেতা নরেশ আগরওয়ালদের বাড়িও গেছে পুলিশ।
সরকারি দল বিজেপিও কিছুটা বিব্রত। তবে তারা যে অনৈতিক কিছু করেনি, তা প্রমাণে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, ‘কংগ্রেস তিলকে তাল করছে। এটা এমন কিছু ব্যাপারই নয়। তা ছাড়া, রাহুলকে যাঁরা পাহারা দেন, তাঁদেরই কেউ তাঁর বাড়ি গিয়েছেন। এতে অন্যায় কিছু নেই।’