রাহুলের বিরুদ্ধে জয়ন্তীর বিদ্রোহ

কংগ্রেসের সংকট বেড়েই চলেছে। সাবেক মন্ত্রী কৃষ্ণা তীরথ ইস্তফা দিয়ে বিজেপি প্রার্থী হয়ে দিল্লি বিধানসভায় ভোটে দাঁড়ানোর পর দল ছাড়লেন আরেক সাবেক মন্ত্রী জয়ন্তী নটরাজন। তামিলনাড়ুর এই পরিচিত কংগ্রেস নেত্রী গতকাল শুক্রবার চেন্নাইয়ে সাংবাদিক সম্মেলন করে শুধু দলত্যাগের কথাই ঘোষণা করেননি, রীতিমতো কামান দেগেছেন দলের সহসভাপতি রাহুল গান্ধীকে।
জয়ন্তী নটরাজন বলেছেন, রাহুলের নির্দেশ অনুযায়ী কাজ করা সত্ত্বেও তাঁকে বলির পাঁঠা করে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়। জয়ন্তীর কথায়, যে দলে মিথ্যার বেসাতি হয় ও যেখানকার অবস্থা দমবন্ধ করা, সেই দলে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়।
দলত্যাগের পর জয়ন্তী বিজেপিতে যোগ দিচ্ছেন কি না, তা স্পষ্ট না হলেও এটা শোনা গেছে, তিনি কিছুদিন আগেই বিজেপি সভাপতি অমিত শাহর সঙ্গে দেখা করেছিলেন। বিজেপি তাঁকে দলে নেবে কি না, সে বিষয়ে এখনো কেউ কিছু জানায়নি। পশ্চিমবঙ্গ ও কেরালার পাশাপাশি তামিলনাড়ুতেও শক্তি বাড়াতে বিজেপি মরিয়া। তবে জয়ন্তীর বিদ্রোহে তামিলনাড়ু কংগ্রেস আদৌ উদ্বিগ্ন নয়। দলের প্রদেশ সভাপতি ই ইলানগোভান বলেছেন, জয়ন্তী দল ছেড়ে কংগ্রেসের উপকারই করেছেন।
দিল্লিতে কংগ্রেসের মুখপাত্র ভিষেক মনু সিংভি বলেছেন, জয়ন্তীকে সরানোর পেছনে নির্দিষ্ট কিছু কারণ ছিল। সেই কারণগুলো খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক পরিবেশমন্ত্রী জয়ন্তীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপিও অনেক দিন ধরেই তুলেছে।
অরুণ জেটলি গতকাল বলেছেন, ‘আমাদের অভিযোগ সত্য প্রমাণিত। কংগ্রেস আমলে দুর্নীতির অসংখ্য অভিযোগ উঠেছিল। ওই সব অভিযোগ নতুন করে পর্যালোচনা করা হবে।’
লোকসভা ভোটে ভরাডুবির পর কংগ্রেসে গান্ধী পরিবার, বিশেষ করে রাহুলের নেতৃত্ব নিয়ে নানা কথা শোনা যাচ্ছিল। কিন্তু জয়ন্তীর মতো এত স্পষ্টভাবে কেউ কখনো রাহুলের বিরুদ্ধে অভিযোগ আনেননি।
জয়ন্তী বলেছেন, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে তিনি এক দীর্ঘ চিঠি লিখেছিলেন। সেই চিঠিতে তিনি বলেছিলেন, পরিবেশ ও উন্নয়নের মধ্যে ভারসাম্য রক্ষার কথা বললেও মাঝেমধ্যেই রাহুল ও তাঁর অফিস থেকে তাঁর কাছে নানা নির্দেশ আসত। সেই নির্দেশ তাঁকে মানতেও হতো। কিছু কিছু বেসরকারি সংস্থার অভিযোগও আসত। যেগুলোতে বলা হতো, শিল্পবিকাশের জন্য পরিবেশের মারাত্মক ক্ষতি হবে। এমনই দুটি প্রকল্পের একটি ওডিশাতে বেদান্ত গোষ্ঠীর বক্সাইট খনন, অন্যটি আদানি গোষ্ঠীর প্রকল্প। অথচ ভোটের আগে রাহুল হঠাৎ করে শিল্পবিকাশের দিকে ঝুঁকতে থাকেন। শিল্পপতিদের এক সমাবেশে তিনি বলেন, পরিবেশ আর তাঁদের বিকাশের পথে অন্তরায় হবে না। জয়ন্তীর কথায়, সেটা ছিল এক বিরাট ধাক্কা।
জয়ন্তী বলেন, একপর্যায়ে তাঁকে ডেকে প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, রাহুল তাঁকে দলের কাজে ব্যবহার করতে চান। তাঁকে ইস্তফা দিতে হবে। জয়ন্তীর অভিযোগ, পার্টির কাজে লাগানোর কথা বলা হলেও আদতে তা করা হয়নি।