রাহুলের সন্ধান চেয়ে পোস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাহুলের পোস্টার
রাহুলের পোস্টার

রাহুল গান্ধী ‘নিখোঁজ’ এমন ঘোষণা দিয়ে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বিভিন্ন স্থানে পোস্টার লাগানো হয়েছে। কংগ্রেস দলের সহসভাপতি রাহুলের নিজ নির্বাচনী এলাকা আমেথি ‘নেতাহীন’ হয়ে পড়েছে বলেও সেখানকার বিভিন্ন দেয়ালে সাঁটানো পোস্টারে বলা হয়েছে। খবর এনডিটিভির।
কংগ্রেস নেতা রাহুল দল থেকে ছুটি নিয়ে মাস খানেক ‘বিশ্রামে’ রয়েছেন। এ নিয়ে তাঁর সমর্থক ও বিরোধীদের মধ্যে নানা গুঞ্জন রয়েছে।
রাহুল ‘লাপাত্তা’ উল্লেখ করে প্রকাশিত পোস্টারে আমেথি এলাকার বিভিন্ন সমস্যাও তুলে ধরা হয়েছে যেমন রাস্তাঘাটের দুরবস্থা এবং স্বাস্থ্যসেবার নিম্নমান। রাহুলের সন্ধানের ব্যাপারে কোনো তথ্য দিতে পারলে পুরস্কার পর্যন্ত ঘোষণা করা হয়েছে। এসব পোস্টার প্রচারকারী হিসেবে লেখা রয়েছে ‘আমেথির জনগণ’। তবে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) স্থানীয় নেতা-কর্মীরাই এমন প্রচারণার নেপথ্যে রয়েছেন ধারণা করা হচ্ছে।
ঝাঁসি এলাকায় বিজেপি নেতা ও কেন্দ্রীয় সরকারের মন্ত্রী উমা ভারতীকে নিয়েও পোস্টার ছেপেছে স্থানীয় একটি রাজনৈতিক দল। রাহুলের মতো তাঁর বিরুদ্ধেও নানা রকমের মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার অভিযোগ আনা হয়েছে। অনগ্রসর বুন্দেলখণ্ড অঞ্চলের উন্নয়নের অঙ্গীকার করার পরও উমা কখনো সেখানে যান না বলে অভিযোগ।
উত্তর প্রদেশের বুলন্দশহর ও এলাহাবাদ এলাকায়ও বিজেপির কর্মীরা রাহুলকে ‘লাপাত্তা’ উল্লেখ করে পোস্টার লাগিয়েছেন। এলাহাবাদে গত মাসে কংগ্রেস কর্মীদের একটি অংশ রাহুলের অনুপস্থিতিতে তাঁর বোন প্রিয়াঙ্কা ভদ্রকে দলের নেতা ঘোষণা করার দাবি জানিয়ে পোস্টার লাগায়।
কংগ্রেস বলেছে, কয়েকবার বাড়িয়ে নেওয়া ছুটি শেষ করে চলতি মাসের শেষ দিকেই দলীয় দায়িত্ব পালনে আবার যোগ দেবেন রাহুল।