রাহুলের সভাপতি হওয়ার খবর নাকচ করেননি সোনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাহুল গান্ধীর শিগগিরই ভারতের কংগ্রেস দলের সভাপতি হওয়া সম্ভব—এই খবর একেবারে অগ্রাহ্য করলেন না কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। রাহুলের মা সোনিয়া বললেন, ‘যখন এই সিদ্ধান্ত হবে, তখন সবাইকে তা জানানো হবে।’ খবর এনডিটিভির।
সহসভাপতি রাহুল এপ্রিল মাসে কংগ্রেসের সভাপতি হচ্ছেন—এমন একটি খবর গত বুধবার কংগ্রেসের উচ্চপর্যায়ের সূত্র উল্লেখ করে দেশটির প্রচারমাধ্যমে প্রকাশিত হয়। গতকাল বৃহস্পতিবার সোনিয়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিষয়টি উড়িয়ে দেননি। দলের বর্তমান সভাপতি তিনিই।
রাহুল গত সোমবার থেকে দল থেকে ছুটি নিয়েছেন। পার্লামেন্টের চলমান গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশনে রাহুলের ছুটি নেওয়ার এই সিদ্ধান্ত বিতর্কের জন্ম দিয়েছে। ছুটিতে তিনি কোথায় আছেন, সে বিষয়টি এখনো পরিষ্কার না হলেও দলীয় একটি সূত্র জানিয়েছে, তা উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকা হতে পারে।
রাহুলের সভাপতির দায়িত্ব পাওয়ার সম্ভাবনার খবরকে স্বাগত জানিয়েছেন দলটির দুই জ্যেষ্ঠ নেতা কমলনাথ ও দিগ্বিজয় সিং।
কমলনাথ গত বুধবার বলেন, ‘রাহুলকে দলের পূর্ণ দায়িত্ব দেওয়ার সময় এসেছে। তাঁকে এই দায়িত্ব নিতেই হবে। এরপর দেখা যাবে তিনি সফল না ব্যর্থ হন। বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে, একটি বিষয়ে হয়তো সোনিয়া গান্ধী ভেবেছেন যে রাহুলই কাজটি করছেন। আবার রাহুল হয়তো ভেবেছেন সোনিয়া তা করেছেন। এভাবে সমস্যা তৈরি হয়।’
ভেঙ্কাইয়া নাইডুর ক্ষমা প্রার্থনা: রাহুল গান্ধী ছুটি নেওয়ার পর কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়, তিনি ‘আত্মমূল্যায়নের জন্য’ দল থেকে ছুটি নিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে গত বুধবার লোকসভায় ভারতের পার্লামেন্টবিষয়ক মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু বলে বসেন, ‘আত্মমূল্যায়ন পারলে এখানেই করুন। আর না পারলে দূরে কোথাও চলে যান।’