রাহুলের হাতিয়ার এবার কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই মাস ছুটি কাটিয়ে ফিরে এসেই আলোড়ন তুলেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধী। সম্প্রতি তিনি বিজেপির নেতৃত্বাধীন নরেন্দ্র মোদির সরকারকে ‘স্যুট-বুট কি সরকার’ বলে একটা ঘণ্টনাড়া দিয়েছেন। মোদির সরকার গরিবের সম্পদ দিয়ে করপোরেট প্রতিষ্ঠানগুলোর স্বার্থ হাসিলে সহযোগিতা করছেন বলে অভিযোগ তোলেন তিনি। বিজেপি নেতারা অবশ্য কংগ্রেস নেতৃত্বাধীন সাবেক সরকারকে ‘স্যুটকেস সরকার’ বলে টিপ্পনি কাটতে ছাড়েননি। একই সঙ্গে তাঁরা টেলিযোগাযোগ ও কয়লা খাতের দুর্নীতির কথা তুলে কংগ্রেসকে নাস্তানাবুদ করতে তৎপর, কিন্তু হালে পানি যেন পাচ্ছেন রাহুলই।

বিশেষ করে ভারতের কৃষককুলের মন পেতে হাওয়া এখন অনেকটা রাহুলের অনুকূলে। ছুটি থেকে ফিরে অনেক গা ঝাড়া দিয়ে মাঠে নেমেছেন তিনি। নয়াদিল্লির রামলীলা ময়দানের বিশাল ও সফল কৃষক সমাবেশের পরদিনই তিনি ভূমি অধিগ্রহণ বিলের বিরুদ্ধে লোকসভায় সরকারকে তুলাধোনা করেন। গতকাল বুধবার তুললেন ইন্টারনেটের স্বাধীনতার প্রশ্ন। ওইদিন সরকারের উদ্দেশে তিনি বলেন, কৃষকদের কাছ থেকে জোর করে জমি কেড়ে নেওয়ার ছক কষার পর বিজেপি সরকার এবার ইন্টারনেটকে বড় বড় কোম্পানির হাতে তুলে দিতে চাইছে। একই সঙ্গে অভিযোগ করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকার শিল্পবান্ধব ও কৃষিবিরোধী।

কয়েক দিন আগেই মোদি সরকারকে রাহুল ‘সু৵ ট-বুটের সরকার’ বলে খোঁটা দিয়েছিলেন। এরমধ্যে কৃষকদের সঙ্গে সমাবেশ করেছেন। কৃষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে লড়াই করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। নতুন ভূমি বিল অনুমোদনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও কড়া আক্রমণ করেছেন। রাহুলের এই ভূমিকায় কংগ্রেসের জ্যেষ্ঠ নেতারা এক ধরনের বার্তা পেয়েছেন। তা হলো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে রাহুল ভুল করেন না।

সরকারের নতুন জমি অধিগ্রহণ বিলের উদ্যোগকে কেন্দ্র করে রাহুল গান্ধীকে নিয়ে নতুন করে ভাবছে কংগ্রেস। কারণ কৃষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে এর আগেও জোরালো ভূমিকা রেখেছিলেন রাহুল। পশ্চিমবঙ্গের সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের পর কৃষিজমি অধিগ্রহণের শতাব্দী-প্রাচীন আইনের বদল ঘটাতে ২০১১ সালে রাহুল সক্রিয় হয়েছিলেন। ১৮৯৪ সালের আইন পাল্টে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ২০১৩ সালে যে নতুন জমি অধিগ্রহণ আইন তৈরি করে, এর পেছনে রাহুলের অবদান ছিল। সেই ভূমিকাকে এ সময় আবার নতুন করে কাজে লাগাতে চাইছে কংগ্রেস।

ভারতে কৃষকদের অবস্থা এখন ভয়াবহ। গতকাল ভারতের রাজধানী দিল্লির শাসক দল আম আদমি পার্টির (এএপি) বিক্ষোভ সমাবেশে এক কৃষক আত্মহত্যা করেছেন। রাজস্থানের দৌসা জেলা থেকে আসা ওই কৃষক বিক্ষোভ সমাবেশ চলার সময় একটি গাছে উঠে আত্মহত্যার হুমকি দিতে থাকেন। একসময় তিনি ঝুলে পড়েন। হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মৃত কৃষকের কাছে একটি চিরকুট পাওয়া গেছে। এতে লেখা, অকালবৃষ্টিতে জমির ফসল নষ্ট হয়ে গেছে। তিন সন্তান নিয়ে পথে বসেছেন। ভারতে এ বছর ফসলহানিসহ বিভিন্ন কারণে ইতিমধ্যেই কয়েকজন কৃষক আত্মহত্যা করেছেন।

এই ঘটনার পর রাহুলের ভূমিকা আরও সক্রিয় হয়ে উঠেছে। রাহুলের পায়ের তলার জমি আরও শক্ত হয়েছে। জনসভায় কৃষকের মৃত্যুর পর কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধী হাসপাতালে গিয়ে দলীয় কর্মীদের বলেন, মৃতদেহ রাজস্থানে ফেরত নিয়ে যেতে যেন সাহায্য করা হয়। একই সঙ্গে কৃষকদের অধিকার নিয়ে আরও সোচ্চার হয়ে উঠেছেন তিনি।

সংসদে বাজেট অধিবেশনের আগে দীর্ঘ ছুটি নেওয়ায় দলের ভেতর ও বাইরে রাহুল বেশ চাপের মুখে পড়েন। মা কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর অনুগামীদের সঙ্গে রাহুলের সমর্থকদের বিরোধও প্রকাশ্যে চলে আসে। দলের উত্তরাধিকারের প্রশ্ন নিয়েও এক ধরনের সংকট তৈরি হয়। এই সংকট কাটাতে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতারা নতুন জমি অধিগ্রহণ বিলকে পুঁজি করছেন।

কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা এ কে অ্যান্টনি, দিগ্বিজয় সিংসহ অনেক নেতা রাহুলকে নিয়ে নতুন করে ভাবছেন। কয়েক দিন আগে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও সহসভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দলের শীর্ষ নেতাদের দীর্ঘ বৈঠক হয়। ওই বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং রাহুলকে গ্রামে গ্রামে ঘোরার পরামর্শ দেন। এই ইস্যুতে ২০১১ সালের মতো ভূমিকা রাখার জন্য রাহুলকে অনুপ্রাণিত করেন। ছয় লাখ গ্রামবাসীর হৃদয় জয় করার জন্য এটিকেই সুবর্ণ সুযোগ বলে ভাবছেন তিনি।

দলের আরেক জ্যেষ্ঠ নেতা এ কে অ্যান্টনিও রাহুলকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন। তিনি বলেন, রাহুল আরও শক্তি ও সাহস নিয়ে ফিরেছেন।

গত ফেব্রুয়ারিতে পার্লামেন্টে দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে রাহুলকে নিয়ে বিতর্কের ঝড় উঠে। সমালোচনা ওঠে যে রাজনীতির ব্যাপারে রাহুলের আগ্রহ কম। এবার রাহুলের ভাবমূর্তি ফেরানো সম্ভব হবে বলে মনে করছেন দলের জ্যেষ্ঠ নেতারা।


কংগ্রেস যে নতুন জমি অধিগ্রহণ বিলকে গুরুত্ব দিচ্ছে তা আরও স্পষ্ট হয় দ্বিগ্বিজয় সিংয়ের বক্তব্যে। রামলীলা ময়দানের সমাবেশে মঞ্চ থেকে সোনিয়া ও রাহুল নেমে যাওয়ার পর দিগ্বিজয় সিং বলেন, আজ সারা দেশের কৃষকেরা তোমাদের দিকে তাকিয়ে আছে। রাহুলকে উদ্দেশ করে তিনি বলেন, ভট্ট প্যারাসুলের যুদ্ধ আবার শুরু করতে হবে। রাহুলকে গ্রামে গ্রামে ঘুরতে হবে। কৃষকদের কথা শুনতে হবে। কৃষকদের জন্য লড়াই করতে হবে। এই দেশ এখন এমনটাই আশা করছে।

ছুটি শেষে গত রোববার রাহুল গান্ধী রামলীলা ময়দানে সমাবেশ করেন। সমাবেশে রাহুল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি শিল্পপতিদের তাঁবেদার বলে অভিহিত করেন। তিনি বলেন, ভোটের আগে শিল্পপতিদের কাছ থেকে তিনি কোটি কোটি টাকা নিয়েছেন। সেই টাকায় তাঁর বাণিজ্য হয়েছে। নির্বাচনে জিতে সেই টাকা তাঁদের তো ফেরত দিতে হবে। কীভাবে তা দেবেন? কৃষকের সোনার দামের জমি কেড়ে তা তুলে দেবেন শিল্পপতিদের হাতে। সে জন্যই বিজেপি সরকার নতুন ভূমি বিল পাস করতে চায়। রামলীলা ময়দানের সমাবেশে বোঝা যায়, ভূমি অধিগ্রহণ অধ্যাদেশই হতে চলেছে কংগ্রেসের সরকারবিরোধী আন্দোলনের মূল হাতিয়ার। আর এ ক্ষেত্রে বড় ভূমিকা রাখবেন দলের সহসভাপতি রাহুল গান্ধী।

এর আগের দিন শনিবার তুঘলক লেনের বাসভবনে উত্তর প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও মধ্যপ্রদেশের কৃষক সংগঠনের নেতাদের সঙ্গে এসব বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেন উত্তর প্রদেশের আমেথির সাংসদ রাহুল। প্রায় দুই মাস ছুটিতে থাকার পর এটাই ছিল রাহুলের প্রথম প্রকাশ্য অনুষ্ঠান। এসব থেকে এটা স্পষ্ট যে কৃষক ও কৃষি সমস্যা এবং জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলনকে তীব্রতর করে রাহুল এবার দলকে আবার শক্ত অবস্থানে নিয়ে যেতে চান। নিজের ভাবমূর্তিকে উজ্জ্বল করতে রাহুলের সামনে এটিই সুবর্ণ সুযোগ। দলের জ্যেষ্ঠ নেতারাও এমনটি ভাবছেন। টাইমস অব ইন্ডিয়া অনলাইন অবলম্বনে