মহারাষ্ট্র রাজ্যের বিদর্ভ থেকে শুরু হলো কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর আলোচিত ‘পদযাত্রা’। গতকাল বৃহস্পতিবার সকালে অমরাবতী থেকে শুরু করলেন হাঁটা। রাহুল আগেই ঘোষণা করেছিলেন, দিনে পনেরো কিলোমিটার করে হাঁটবেন। যেসব কৃষক আত্মহত্যা করেছেন তাঁদের বাড়িতে যাবেন। আর কৃষিজীবী মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা বোঝার চেষ্টা করবেন।
মহারাষ্ট্র জেলায় এই বছর ফসলহানির হার খুব বেশি। বিদর্ভের অমরাবতী জেলায় বেশ কয়েকজন কৃষক আত্মহত্যা করেছেন। স্থানীয় কংগ্রেসিদের সঙ্গে রাহুল মোট পাঁচটি গ্রাম ঘোরেন। গুঞ্জি গ্রামে এক অনাথ আশ্রমের ছেলেমেয়েদের সঙ্গে গল্প করেন। এই গ্রামেরই দুই কৃষক নীলেশ বালকে ও অম্বাদাস বাহিলে সম্প্রতি আত্মহত্যা করেছেন। রাহুল তাঁদের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন। বলেন, তাঁদের দুর্দশার কাহিনি দিল্লিতে পৌঁছে দেবেন।
অজ্ঞাতবাস থেকে ফিরে এসে রাহুল গান্ধী দৃশ্যত বেশ বদলে গেছেন। দিল্লিতে বসে না থেকে রাজ্যে রাজ্যে যাচ্ছেন। প্রধানত কৃষকদের সমস্যা এবং কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষকনীতি নিয়ে কংগ্রেস যে আন্দোলন শুরু করেছে তাকে এগিয়ে নিতে জোর চেষ্টা করছেন।
দিল্লিতে কৃষক সমাবেশ করার পর রাহুল সংসদে সরব হয়েছেন বারবার। দেশব্যাপী পদযাত্রা শুরুর দুদিন আগে মঙ্গলবার তিনি দিল্লি থেকে পাঞ্জাব যান সাধারণ ট্রেনের সাধারণ কামরায়। পাঞ্জাবের কৃষকেরা গমের ন্যায্য দাম পাচ্ছেন না। এ বছর ফসলের সংগ্রহমূল্যও কমে গেছে। এ নিয়ে গোটা রাজ্যে কৃষকেরা বিক্ষোভ চালাচ্ছেন। রাহুল পাঞ্জাব থেকে ফিরে সংসদে প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘দেশে যখন রয়েছেন তখন কৃষকদের পাশে গিয়ে তাঁদের দুর্দশা অন্তত বোঝার চেষ্টা করুন।’
পাঞ্জাব সফরের পরেই শুরু রাহুলের এই পদযাত্রা। কৃষিতে ক্ষতিগ্রস্ত রাজ্যগুলোতে প্রতিদিন পনেরো কিলোমিটার করে হাঁটবেন ঠিক করেছেন তিনি। রাহুলের এই ব্যতিক্রমধর্মী কর্মসূচিতে কংগ্রেস কিছুটা হলেও চাঙা হয়ে উঠেছে। কৃষি ও কৃষকদের পাশে রাহুলের এই অবস্থান এবং জমি অধিগ্রহণ নীতির জোর বিরোধিতায় সরকারও কিছুটা কোণঠাসা। সংসদের এই অধিবেশনে বিতর্কিত জমি অধিগ্রহণ বিলটি আদৌ পাস করানো উচিত হবে কি না, সে নিয়ে সরকারে দ্বিমত ক্রমশ তীব্র হচ্ছে।
রাহুলের পদযাত্রার সমালোচনা করতে বিজেপি অবশ্য ছাড়ছে না। মহারাষ্ট্রের বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ বলেছেন, রাহুল গ্রামে গ্রামে ঘুরতেই পারেন। কিন্তু কৃষকদের কাছে তাঁকে জবাবদিহি করতে হবে। এই রাজ্যে গত পনেরো বছর কংগ্রেসই ক্ষমতায় ছিল। বিজেপি ক্ষমতায় এসেছে মাত্র ছয় মাস। বিজেপির সর্বভারতীয় সম্পাদক সিদ্ধার্থনাথ সিং রাহুলকে কটাক্ষ করে বলেছেন, রাজনীতিতে সর্বক্ষণের কর্মী দরকার। অতিথি শিল্পী দিয়ে কাজ হয় না।