রুপির নোট বাতিল নিয়ে ভারতজুড়ে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাতিল করা ৫০০ ও ১০০০ রুপির ছবি দিয়ে বানানো প্ল্যাকার্ড নিয়ে গতকাল ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যক্তি। হঠাৎ নোট বাতিলের প্রতিবাদে সারা দেশে এই বিক্ষোভের আয়োজন করা হয় l ছবি: এএফপি
বাতিল করা ৫০০ ও ১০০০ রুপির ছবি দিয়ে বানানো প্ল্যাকার্ড নিয়ে গতকাল ভারতের মুম্বাইয়ে বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যক্তি। হঠাৎ নোট বাতিলের প্রতিবাদে সারা দেশে এই বিক্ষোভের আয়োজন করা হয় l ছবি: এএফপি

বাতিল নোট নিয়ে সংসদের ভেতর ও বাইরের বিক্ষোভের মুখে ভারতের কেন্দ্রীয় সরকার আয়কর আইনে সংশোধন এনে একটা বিল পেশ করছে। তবে বিরোধীদের বিক্ষোভের ফলে সংসদের কোনো কক্ষে গতকাল সোমবারও স্বাভাবিক কার্যক্রম হয়নি। নোট বাতিলের প্রতিবাদে দেশের বিভিন্ন রাজ্যে গতকাল বিরোধীরা বিক্ষোভ সমাবেশ করে।
গতকাল লোকসভায় তুমুল হট্টগোলের মধ্যে অর্থমন্ত্রী অরুণ জেটলি যে বিলটা পেশ করেন, সেটির মোদ্দা কথা, বাতিল হয়ে যাওয়া ৫০০ ও ১ হাজার রুপির নোট জমা পড়ার পর যদি দেখা যায় তা সংশ্লিষ্ট ব্যক্তির ঘোষিত আয়ের চেয়ে বেশি, তা হলে মোট অর্থের ৫০ শতাংশ কর হিসাবে কেটে নেওয়া হবে। বাকি অর্থ থেকে কর বাবদ কেটে নিয়ে যা থাকবে সেটির অর্ধেক সংশ্লিষ্ট ব্যক্তি নতুন নোটে তুলতে পারবেন। কিন্তু বাকি অর্ধেক তোলা যাবে চার বছর পর।
নতুন এই বিলে বলা হয়েছে, এ বাবদ সরকারের যাবতীয় আয় গরিবদের জন্য খরচ করা হবে। সেই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা। এই বিলের মধ্য দিয়ে সরকার বোঝাতে চাইছে, নোট বাতিলের এই সিদ্ধান্ত গরিবদের জন্যই।
সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয় ১৬ নভেম্বর। এরপর থেকে টানা নয় দিন সংসদ অচল রয়েছে। বিরোধীদের প্রথম দাবি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংসদে জবাবদিহি করতে হবে। মোদি সংসদের দুই কক্ষে এলেও নোট বাতিল নিয়ে একটি শব্দও উচ্চারণ করেননি। প্রধানমন্ত্রীর ক্ষমাা চাওয়ার দাবিতে সফল না হয়ে বিরোধীরা এখন মুলতবি প্রস্তাব গ্রহণের ওপর জোর দিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গতকাল বলেন, সরকার যেকোনো ধরনের বিতর্কে রাজি। প্রধানমন্ত্রীও সেই বিতর্কে অংশ নিতে প্রস্তুত। তবে কোন ধারায় আলোচনা হবে তা লোকসভার স্পিকারই ঠিক করবেন।
বিরোধীরা ছত্রভঙ্গ। সবাই নিজেদের রাজনীতিতে অনড়। সংযুক্ত জনতা দল, বিজু জনতা দল, পিডিপি, এআইএডিএমকে, টিআরএস ও অকালি দল বিজেপির সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। কংগ্রেস নোট বাতিলের বিরোধিতা না করলেও বিরোধিতা করছে পদ্ধতির।
এদিকে কলকাতা প্রতিনিধি জানান, রুপির নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে গতকাল কলকাতায় বন্‌ধের মধ্যে মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়। গতকাল ১৮টি বাম দলের যৌথ মোর্চা পশ্চিমবঙ্গে নোট বাতিলের প্রতিবাদে অর্ধদিবস বন্‌ধ্‌ ডাকে। তৃণমূলপ্রধান মুখ্যমন্ত্রী মমতা ডাক দেন ‘মহা মিছিলের’। প্রতিবাদ সমাবেশে মমতা অবিলম্বে নোট বাতিলের সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান।

আগরতলা প্রতিনিধি জানান, নোট বাতিলের ইস্যুতে বাম দলের ডাকা ১২ ঘণ্টার বন্‌ধ্‌ নির্বিঘ্নে পালিত হয়েছে কমিউনিস্টশাসিত ত্রিপুরা রাজ্যে। গতকাল সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বন্‌ধের পর জনজীবন স্বাভাবিক হতে শুরু করে।