রুয়ান্ডায় গিয়ে গরু দিলেন মোদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুয়ান্ডা সরকারের ‘গিরিনকা’ কর্মসূচির আওতায় গ্রামবাসীকে গরু দান করেন নরেন্দ্র মোদি। রয়টার্স ফাইল ছবি
রুয়ান্ডা সরকারের ‘গিরিনকা’ কর্মসূচির আওতায় গ্রামবাসীকে গরু দান করেন নরেন্দ্র মোদি। রয়টার্স ফাইল ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আফ্রিকার দেশ রুয়ান্ডা সফরে গিয়ে গতকাল মঙ্গলবার দেশটির একটি দরিদ্র গ্রামের অধিবাসীদের ২০০ গরু উপহার দিয়েছেন। 

আফ্রিকার তিনটি দেশ সফরের অংশ হিসেবে গতকাল মোদি রুয়ান্ডায় যান। রুয়ান্ডা সরকারের ‘গিরিনকা’ কর্মসূচির আওতায় গ্রামবাসীকে গরু দান করেন মোদি।

গিরিনকার অর্থ গরিব পরিবারপিছু একটি গরুদান। গিরিনকা কর্মসূচির লক্ষ্য দীর্ঘমেয়াদি পুষ্টি। অপুষ্ট শিশুদের গরুর দুধ জোগানই এই কর্মসূচির মূল লক্ষ্য।

গরুদানের শর্ত হলো গরু যদি বকনা বাছুর প্রসব করে, তাহলে তা গ্রামের অন্যদের মাঝে বিলিয়ে দিতে হবে। গরুদানের মধ্য দিয়ে রুয়ান্ডায় শতাব্দীপ্রাচীন এই প্রথার অংশীদার হলো ভারত।

গরুদান অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগাম। গরুদানের সময় মোদি রুয়ান্ডার ‘গিরিনকা’ কর্মসূচির ভূয়সী প্রশংসা করেন।

খবরে বলা হয়, মোদি যে গ্রামে গরু উপহার দিয়েছেন, সেখানকার অধিবাসীদের আগে কোনো গরু ছিল না।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি রুয়ান্ডা ছাড়াও উগান্ডা ও দক্ষিণ আফ্রিকা সফর করবেন। তিনি দক্ষিণ আফ্রিকায় ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর পাঁচ দিনের এই সফরে ১০০ সদস্যের একটি প্রতিনিধিদল রয়েছে।

রুয়ান্ডায় এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর সফর। মোদির সফরের উদ্দেশ্য রুয়ান্ডার সঙ্গে বাণিজ্যিক, সামরিক ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো।

মোদির সফরকালে রুয়ান্ডার সঙ্গে ভারতের বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার সাতটি চুক্তি সই হয়েছে। রুয়ান্ডাকে ভারত ২০ কোটি ডলার ঋণ দেবে বলে ঠিক হয়েছে। এ ছাড়া দেশটিতে দূতাবাসও খুলবে ভারত।