রেলকর্মীকে গণধর্ষণের ঘটনায় চারজন গ্রেপ্তার
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় এক রেলকর্মীকে গণধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে দমদম রেল পুলিশের ওসি এবং চিত্পুর থানার ওসিকে কর্তব্যে অবহেলার জন্য প্রত্যাহার করা হয়েছে।
কলকাতার চিত্পুর রেল ইয়ার্ডে কর্মরত রেলের এক নারী অভিযোগ করেন, তিনি দিনের পর দিন তাঁর চার সহকর্মীর দ্বারা ধর্ষণের শিকার হন। সে কথা গতকাল শনিবার ফাঁস করে দেয় কলকাতার একটি টিভি চ্যানেল। এরপরই চার রেলকর্মী গজেন্দ্র, জিত্, রাজু ও মনোজকে পুলিশ গ্রেপ্তার করে।
রেলের এই নারী কর্মীর স্বামী ২০১০ সালে ট্রেন দুর্ঘটনায় নিহত হলে তাঁকে কর্তৃপক্ষ রেলে চাকরি দেয়। ওই নারীর অভিযোগ, চাকরি পাওয়ার কিছুদিন পর থেকেই চার রেলকর্মী গজেন্দ্র, জিত্, রাজু ও মনোজের দ্বারা তিনি ধর্ষণের শিকার হন। মোবাইলে তাঁরা এর ছবিও তুলে রাখেন। হুমকি দেন, ধর্ষণের কথা জানালে ওই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে।
এই নারী আরও জানান, বাধ্য হয়ে তিনি বিষয়টি চেপে যান। এর মধ্যে তিনি বিয়ে করেন। বিয়ের পরও তিনি ওই চার রেলকর্মীর মাধ্যমে ধর্ষণের শিকার হন। বিষয়টি তিনি স্বামীকে জানান। স্বামীসহ তিনি রেল পুলিশ থানা, এমনকি দমদম থানায় মামলা করতে গেলে মামলা নেয়নি পুলিশ। বিষয়টি তিনি একটি সংবাদমাধ্যমকে জানান।
খবরটি প্রকাশিত হলে কলকাতায় তোলপাড় শুরু হয়। বিভিন্ন নারী সংগঠন, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে চার রেলকর্মীকে শাস্তি দেওয়ার দাবি জানায়। পশ্চিমবঙ্গের নারী ও সমাজকল্যাণমন্ত্রী শশী পাঁজা এই ঘটনার নিন্দা জানিয়ে পুলিশের কাছে প্রতিবেদন চেয়ে পাঠিয়েছেন।