রেশন পেলেন ভারতে যাওয়া সাবেক ছিটমহলবাসীরা
বাংলাদেশ থেকে ভারতে যাওয়া ৯২১ জন সাবেক ছিটমহলবাসীকে কার্ডের মাধ্যমে রেশন দেওয়া শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে কোচবিহারের দিনহাটার কৃষিমেলা ময়দানের অস্থায়ী শিবিরে বসবাসকারীদের মধ্যে এই রেশন বিতরণ শুরু হয়। আজ বুধবার হলদিবাড়ি ও মেখলিগঞ্জের অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়া সাবেক ছিটমহলবাসীদের রেশন দেওয়া হয়।
দিনহাটার রেশন কার্যক্রমের সূচনা করেন কোচবিহারের অতিরিক্ত জেলা প্রশাসক আয়েষা রাণী আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন দিনহাটার মহকুমা প্রশাসক কৃষ্ণাভ ঘোষসহ সরকারি কর্মকর্তা এবং এলাকার বিশিষ্টজনেরা। রেশন হিসেবে প্রতি পরিবারকে দেওয়া হয় ৩০ কেজি চাল, ৫ কেজি মসুর ডাল, ৫ লিটার সরষের তেল, ১ কেজি গুঁড়ো দুধ, দেড় কেজি লবণ, ৫ লিটার কেরোসিনসহ আরও কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
৫ সদস্যের বেশি পরিবারকেও একই পরিমাণ রেশন দেওয়া হলে পরিবারগুলো ক্ষোভ প্রকাশ করে। পরে প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয় ওই পরিবারগুলোকে অতিরিক্ত রেশন দেওয়া হবে।
কোচবিহারের নাগরিক অধিকার রক্ষা মঞ্চের মুখ্য সমন্বয়ক ও ছিটমহল আন্দোলনের সাবেক নেতা দীপ্তিমান সেনগুপ্ত আজ বিকেলে প্রথম আলোকে বলেন, বাংলাদেশ থেকে ফিরে আসা ওই ৯২১ সাবেক ছিটমহলবাসীকে দিনহাটা, হলদিবাড়ি এবং মেখলিগঞ্জে নির্মিত অস্থায়ী শিবিরে রাখা হয়েছে।
রেশন দেওয়া আগে সাবেক এই সব ছিটমহলবাসীকে প্রশাসনের পক্ষ থেকে তৈরি খাবার দেওয়া হতো। ভারতের কেন্দ্রীয় সরকার তাঁদের উন্নয়নের জন্য ১০৭ কোটি ৪৯ লাখ টাকা বরাদ্দ করেছে। পাশাপাশি ভারতের অভ্যন্তরে থাকা বাংলাদেশের সাবেক ৫১টি ছিটমহলের পরিকাঠামো উন্নয়নের জন্য ৮৯৮ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ করা হয়। এই টাকা রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের মাধ্যমে খরচ করবে। এ জন্য তিন থেকে পাঁচ বছর সময় বেঁধে দেওয়া হয়েছে।