রোজভ্যালি দুর্নীতি নিয়ে বাম ও তৃণমূলের মিছিলে উত্তাল কলকাতা
পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর রোজভ্যালি দুর্নীতি নিয়ে রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল ও বিরোধী বামদের মিছিলে উত্তাল হয়ে ওঠে পুরো কলকাতা। কলকাতার বাইরেও দুই বিরোধী রাজনৈতিক শক্তি মিছিল-সমাবেশ করে।
তৃণমূল কংগ্রেস মিছিল ও সমাবেশে থেকে এই দুর্নীতিতে দলীয় দুই সাংসদকে গ্রেপ্তারের প্রতিবাদ করে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করে। অন্যদিকে বামেরা রোজভ্যালি, সারদা ও নারদা কেলেঙ্কারিতে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচার দাবি করে।
তৃণমূল সাংসদের সিবিআইয়ের হাতে গ্রেপ্তারের প্রতিবাদ জানানোর পাশাপাশি আজ থেকে গ্রেপ্তার হওয়া দলীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাংসদ গ্রেপ্তারের প্রতিবাদে দেশব্যাপী তিন দিনব্যাপী আন্দোলন করার কর্মসূচি ঘোষণা করেছে।
আজ সোমবার এই লক্ষ্যে দিল্লি, ওডিশা, বিহার, পাঞ্জাব, ঝাড়খন্ডে প্রতিবাদ মিছিল, সমাবেশ, অবস্থান কর্মসূচি পালন করে দেশ বাঁচানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পদত্যাগ দাবি করে তৃণমূল বলেছে, দেশবাসী মোদির দুঃশাসন থেকে মুক্তি চায়।
তৃণমূল আজ কলকাতার রিজার্ভ ব্যাংক এবং সিবিআইর কলকাতার দপ্তরের কাছে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান ধর্মঘটে শামিল হয়। এই কর্মসূচি পালন করা হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, মহকুমা শহরেও।
এদিকে প্রতিবাদ মিছিল ও সমাবেশে বাম দলের নেতারা রোজভ্যালি, সারদা, নারদা কেলেঙ্কারিতে জড়িত শাসকদলসহ অন্যদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে। বাম দলের এই মিছিল কলকাতার পৌর করপোরেশনের দপ্তরের সামনে থেকে শুরু হয়ে রাসবিহারীর দিকে রওনা হলে পুলিশ ধর্মতলার কাছে এই মিছিল আটকিয়ে দেয়। এরপরে মিছিলকারীরা রানি রাসমণি অ্যাভিনিউয়ে অবস্থান নিয়ে এক প্রতিবাদ সমাবেশ করে সারদা, নারদা, রোজভ্যালি-কাণ্ডের সঙ্গে যুক্ত নেতাদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।
এদিকে রোজভ্যালি কেলেঙ্কারিতে গ্রেপ্তার হওয়া তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সিবিআই হেফাজত শেষে আজ সোমবার হাজির করানো হয় ওডিশার ভূবনেশ্বরের সিবিআইর বিশেষ আদালতে। সিবিআই সুদীপকে আরও জেরা করার জন্য ফের আট দিনের সিবিআই হেফাজত চেয়ে আবেদন করেছে।