রোজভ্যালি মামলায় তাপস পাল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাপস পাল
তাপস পাল

ভারতের পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর রোজভ্যালি মামলায় তৃণমূলের সাংসদ ও চিত্রতারকা তাপস পালকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। ওই মামলায় সিবিআইয়ের তলব পেয়ে তাদের কার্যালয়ে যাওয়ার পর সেখানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সিবিআই বলেছে, রোজভ্যালি থেকে তাপস পালের আর্থিক সুবিধা নেওয়ার বহু তথ্য তাদের হাতে এসেছে।
সারদা কেলেঙ্কারির মতো আরেকটি চাঞ্চল্যকর মামলা রোজভ্যালি আর্থিক দুর্নীতি কাণ্ড। এই রোজভ্যালি স্বল্প সঞ্চয়ের একটি আর্থিক সংস্থা। এই সংস্থায় বহু মানুষ অর্থ রেখে প্রতারিত হয়েছে। সেই আর্থিক দুর্নীতির মামলা এখনো চলছে। মামলার দায়িত্ব নিয়েছে সিবিআই। ইতিমধ্যে সংস্থাটির কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেপ্তার করা হয়েছে।
রোজভ্যালি দুর্নীতির খবর ফাঁস হওয়ার পর নাম উঠে তাপস পালের। তিনি সংস্থাটির চলচ্চিত্র প্রকল্পের পরিচালক ছিলেন। অভিযোগ ওঠে, এই সংস্থা থেকে তাপস আর্থিক সুবিধা নিয়েছেন। গত বছর মার্চ মাসে তাপস পালের দক্ষিণ কলকাতার বাসভবনে তল্লাশি করে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করে সিবিআই। গত মঙ্গলবার তাপস পালকে কলকাতার সল্টলেকে সিবিআই কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনে তাপস পাল গতকাল দুপুর ১২টায় হাজির হন। সিবিআই কর্মকর্তারা তাঁকে জেরা করেন। তাপস অধিকাংশ প্রশ্ন এড়িয়ে যান। এরপরই সিবিআই তাঁকে গ্রেপ্তার করে।