রোহিঙ্গা নিয়ে জাতিসংঘের অবস্থানে ভারতের হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা সমস্যা নিয়ে জাতিসংঘের মনোভাবে ভারত হতাশ। সেই হতাশা ভারত প্রকাশও করে দিল। গতকাল মঙ্গলবার জেনেভায় জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রাজীব চন্দ্র বলেন, কঠিন পরিস্থিতিতেও ভারত সব সময় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করে এসেছে। তিনি বলেন, বিচ্ছিন্ন কিছু ঘটনা ও অসত্য রিপোর্টের ওপর ভিত্তি করে কোনো দেশের মানবাধিকার নিয়ে রায় দেওয়া ঠিক নয়।

গত সোমবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার জায়েদ রাদ আল হুসেন একসঙ্গে মিয়ানমার ও ভারতের সমালোচনা করে বলেছিলেন, রোহিঙ্গাদের ওপর যা চলছে তা জাতি নিধনের জ্বলন্ত দৃষ্টান্ত। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুর এক সাম্প্রতিক মন্তব্যের পিঠে মন্তব্য করে জায়েদ বলেন, জাতিসংঘের শরণার্থীবিষয়ক সনদে ভারত সই করেনি বলে এক বিপুল জনগোষ্ঠীকে তারা বিপদের মুখে ঠেলে দিতে পারে না। ভারত এই বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখতে পারত।

ওই সমালোচনার জবাবে রাজীব চন্দ্র বলেন, অন্য অনেক দেশের মতো ভারতও ‘অনুপ্রবেশকারীদের’ নিয়ে উদ্বিগ্ন। বিশেষ করে দেশের নিরাপত্তার প্রশ্নটি যখন বিবেচিত হয়। তিনি বলেন, আইন অনুযায়ী কাজ করার অর্থ সহানুভূতিহীনতা নয়।

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলী ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্করের সঙ্গে দেখা করে উদ্বেগ প্রকাশ করার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে এক বিবৃতি প্রচার করা হয়েছিল। তাতে সমস্যা সমাধানে উদ্যোগী হওয়ার জন্য মিয়ানমার সরকারকে সক্রিয় হওয়ার কথা বলা হয়। উদ্বেগ প্রকাশও সেই প্রথম। অথচ এর কয়েক দিন আগে মিয়ানমার সফরে ভারতের প্রধানমন্ত্রী এই বিষয়ে মুখ খোলেননি। বরং সন্ত্রাসবাদ দমনে মিয়ানমার সরকারের পাশে দাঁড়ানোর অঙ্গীকারের কথা শুনিয়েছিলেন।

রোহিঙ্গা বিষয়ে ভারত বড় করে নিরাপত্তার বিষয়টি দেখতে ভালোবাসছে। শাসক দল বিজেপির পক্ষ থেকে নিরাপত্তার বিষয়টি যেমন বড় করে দেখানো হচ্ছে, তেমনই রাজীব চন্দ্রও পাল্টা বিবৃতিতে নিরাপত্তার প্রশ্নটিকে তুলে ধরেছেন। গতকাল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও জম্মুতে বলেছেন, অভিবাসীদের ভারত সব সময়ই মানবিক দৃষ্টিতে দেখে এসেছে। ভিটেছাড়াদের প্রতি তারা সব সময় সহানুভূতিশীল। কিন্তু অবৈধভাবে যারা ভারতে ঢুকেছে, তাদের প্রতি সরকার কড়া মনোভাবই নেবে। রাজনাথ সংবাদমাধ্যমকে বলেন, ‘অনুপ্রবেশকারীদের’ বিষয় নিয়ে সরকার কথা বলছে। কিছু ব্যবস্থা নিশ্চয় নেওয়া হবে।

রোহিঙ্গাদের নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের মনোভাব খুবই কঠোর। দিন কয়েক আগে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুর কথায় তা স্পষ্ট হয়ে গেছে। তিনি বলেছিলেন, রোহিঙ্গারা সন্ত্রাসীদের আঁতুড়ঘর হয়ে দাঁড়িয়েছে। তাদের চিহ্নিত করে ফেরত পাঠানো হবে। জাতিসংঘের সমালোচনাও ওই মনোভাবেরই বিরুদ্ধে। কিন্তু তাতে সরকার পিছু হটছে না। ভারতে রোহিঙ্গারা সুপ্রিম কোর্টের শরণাপন্ন হয়েছে। ভারত সরকার আগামী সোমবার তাদের মনোভাব সর্বোচ্চ আদালতকে জানাবে। বিজেপিও এই মামলায় তাদের জড়িয়ে দিয়েছে। তাদের সাবেক শীর্ষ নেতা এন গোবিন্দাচারিয়া রোহিঙ্গা বিতাড়ন নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন।

রোহিঙ্গাদের ওপর অত্যাচার বন্ধে ভারতের মুসলমান সমাজ কিন্তু এখনো সেভাবে সরব হয়নি। সমস্যার সমাধানে সরকারকে উদ্যোগী হওয়ার জন্যও সেভাবে চাপ সৃষ্টি হয়নি। কলকাতায় মুসলমান সমাজের পক্ষ থেকে সমাবেশ করা হয়েছে। কিন্তু ওই রাজ্যের শাসক দল ও সরকার এই ক্ষেত্রে নীরব বলে অভিযোগ করেছেন কংগ্রেসের প্রদেশ সভাপতি অধীররঞ্জন চৌধুরী।