রোয়ানুর প্রভাবে যোগাযোগবিচ্ছিন্ন মিজোরাম ও ত্রিপুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবল বর্ষণে নাকাল ভারতের ত্রিপুরাসহ উত্তর–পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকার জনজীবন। ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র কারণে আসামের বরাক উপত্যকায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। ইতিমধ্যেই প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ডুবে গেছে উত্তর ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা। অনেক জায়গায় রেল ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে​ গোটা দেশ থেকে মিজোরাম ও ত্রিপুরা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবহাওয়াবিদদের অনুমান, বৃষ্টির প্রকোপ আরও বাড়বে।

কয়েক দিন ধরেই প্রবল বৃষ্টিপাতে আসামের বরাক উপত্যকা ও ত্রিপুরার উত্তরাঞ্চলে বন্যা সৃষ্টি হয়েছে। বরাক নদের পানি বেশ কয়েক জায়গায় বিপৎ​সীমার ওপর দিয়ে বইছে। উত্তর ত্রিপুরার ধর্মনগরের বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। একই ​অবস্থা বরাকেও।

সবচেয়ে বিপর্যস্ত যোগাযোগব্যবস্থা। শিলচর-লামডিং রেলপথে ধসের কারণে ট্রেন চলাচল বন্ধ। জাতীয় সড়কেও বেশ কয়েক জায়গায় ধস নেমেছে। এমনকি বেশ কয়েক জায়গায় মহাসড়কের ওপর হাঁটুসমান পানি বইছে। ফলে গোটা দেশ থেকে সড়ক ও রেলপথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ত্রিপুরা ও মিজোরাম।

আগরতলা আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ভারতীয় সময় সকাল সাড়ে আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আগরতলায় ৪৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ দিলীপ সাহা বলেন, রোয়ানুর দাপট বাড়লে রাজ্যে আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন ত্রিপুরার খাদ্যমন্ত্রী মানিক দে। মোবাইলে প্রথম আলোকে তিনি জানান, এবার আগে থেকেই প্রচুর খাদ্যশস্য মজুত রাখা হয়েছে। ফলে এখনই বিপদের কোনো সম্ভাবনা নেই। তবে তিনি দ্রুত রেল ও সড়ক মেরামতের জন্য সরকারের কাছে আরজি জানান। প্রয়োজনে বাংলাদেশের ভেতর দিয়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাঠানোরও উদ্যোগ নিতে মানিক দে দিল্লিকে অনুরোধ করেন।

ত্রিপুরা দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তা শরৎ​ দাস জানিয়েছেন, ঝড় ও প্রবল বর্ষণের সতর্কতা দুদিন আগেই জারি করা হয়েছে। রোয়ানুর প্রভাবে ত্রিপুরায় ৩৫ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তবে চট্টগ্রামসংলগ্ন দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে আজ শনিবার রাতে ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। তাই সেখানে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।