রোগী হয়রানি ঠেকাতে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিল উঠছে
ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে রোগী হয়রানি ঠেকাতে আগামীকাল শুক্রবার বিধানসভায় পেশ হচ্ছে ক্লিনিক্যাল স্টাবলিস্টমেন্ট বিল।
গত ২২ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার টাউন হলে বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে চিকিৎসায় গাফিলতি নিরসনের লক্ষ্যে বিলটি পেশ করার কথা ঘোষণা করেছিলেন। একই সঙ্গে ঘোষণা দিয়েছিলেন, হাসপাতালের ওপর নজরদারি রাখতে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে ১১ সদস্যের হাসপাতাল রেগুলেটরি কমিটি গঠন করা হবে। সেই লক্ষ্যে আগামীকাল রাজ্যের বিধানসভায় পশ্চিমবঙ্গ সরকার পেশ করছে নতুন বিলটি।
এই বিলে চিকিৎসায় স্বচ্ছতা আনা এবং গাফিলতি রোধে কড়া বিধান রাখা হচ্ছে। বলা হয়েছে, প্রতিটি হাসপাতাল ও চিকিৎসককে মানবিক হতে হবে। চিকিৎসার জন্য প্রতিটি হাসপাতালে বিভিন্ন চিকিৎসার প্যাকেজ রাখতে হবে। এই প্যাকেজের অতিরিক্ত কোনো টাকা-পয়সা আদায় করা যাবে না। চিকিৎসার খরচ সম্পর্কে আগেই রোগীকে অবহিত করতে হবে। চিকিৎসায় গাফিলতি প্রমাণ হলে কম ক্ষতিগ্রস্ত রোগীকে তিন লাখ, বেশি ক্ষতিগ্রস্ত রোগীকে পাঁচ লাখ এবং গাফিলতিতে মৃত্যু হলে ১০ লাখ রুপি ক্ষতিপূরণ দিতে হবে। যেকোনো বেসরকারি হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত রোগীকে দ্রুত ভর্তি করাতে হবে এবং চিকিৎসা শুরু করতে হবে। এ জন্য আগাম কোনো অর্থ দাবি করতে পারবে না বা চিকিৎসায় দেরি করা যাবে না। প্রয়োজনে বিনা মূল্যে চিকিৎসা চালাতে হবে।
বিধানে আরও বলা হয়েছে, টাকার জন্য কোনো মৃতদেহ আটকে রাখা যাবে না। এর অন্যথা হলে ওই হাসপাতালের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যাবে। এমনকি হাসপাতালের লাইসেন্সও বাতিল করা যাবে।
অন্যদিকে রেগুলেটরি কমিশনের আদেশের বিরুদ্ধে কোনো দেওয়ানি মামলা দায়ের করা যাবে না। প্রস্তাবিত এই আইন কার্যকর হবে না সরকারি এবং সেনা হাসপাতালে। এটি কার্যকর হবে পশ্চিমবঙ্গের বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে।