রোজভ্যালি-কাণ্ডে এবার সিপিএম মন্ত্রীকে জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রোজভ্যালি বা চিটফান্ড কেলেঙ্কারি তদন্তে এবার সিপিএম মন্ত্রীকেও জেরার মুখে পড়তে হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার জেরার জন্য ত্রিপুরার সমাজকল্যাণমন্ত্রী বিজিতা নাথকে চিঠি দিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই।

সারদা-কাণ্ডের মতো আরেকটি চাঞ্চল্যকর আর্থিক কেলেঙ্কারি মামলা রোজভ্যালি আর্থিক দুর্নীতি কাণ্ড। এই রোজভ্যালি স্বল্প সঞ্চয়ের একটি আর্থিক সংস্থা বা চিটফান্ড সংস্থা। এ সংস্থায় বহু মানুষ অর্থ রেখে প্রতারিত হয়েছেন। সেই আর্থিক দুর্নীতির মামলা এখনো চলছে। এ মামলা তদন্তের দায়িত্বভার সিবিআইয়ের হাতে রয়েছে। এ ঘটনায় রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে গ্রেপ্তার করা হয়।

রোজভ্যালির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগে গত বছরের ডিসেম্বরে গ্রেপ্তার করা হয় তৃণমূল কংগ্রেসের সাংসদ তাপস পালকে। তিনি এখনো কারাবন্দী রয়েছেন।

ভারতের বহুল আলোচিত এই চিটফান্ড কেলেঙ্কারিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে এত দিন শুধু তৃণমূল কংগ্রেসের নেতারাই জেরার সম্মুখীন হন। তৃণমূলের নেতা-মন্ত্রীরা অনেকে হাজতবাসও করেছেন। কিন্তু সিপিএমের নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাদের তেমন একটা উদ্যোগ আগে চোখে পড়েনি। বরং বামপন্থী দলগুলো চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে বেশি সোচ্চার ছিলেন।

ত্রিপুরায় সিপিএমের সঙ্গে চিটফান্ডের ঘনিষ্ঠতা নিয়ে অভিযোগ অবশ্য বহু দিনের। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে সিপিএম শিবিরে এটি একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

আগামীকাল মন্ত্রী বিজিতা নাথকে তাঁর সরকারি বাসভবনে এসে জেরা করবে সিবিআই। চিঠি পাওয়ার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, ‘চিঠি পেয়েছি। তদন্তে সহযোগিতা চাওয়া হয়েছে। ওঁরা আসবেন। যা জানি, তা-ই বলব।’ এর বেশি কিছু মন্তব্য করতে চাননি তিনি।

বিজিতা নাথ যা-ই বলুন না কেন, সিপিএম এর পেছনে অন্য গন্ধ দেখছে। ত্রিপুরা বিধানসভার ডেপুটি স্পিকার, তথা পশ্চিম ত্রিপুরা জেলা সিপিএমের সম্পাদক পবিত্র কর মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছু নয়। ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসতে পারবে না জেনেই তারা সিপিএম নেতা-মন্ত্রীদের গায়ে কাদা ছিটাতে শুরু করেছে। আর এই কাজে নির্লজ্জভাবে ব্যবহার করা হচ্ছে সরকারি সংস্থাকে।’

তবে সিপিএমের এই বক্তব্য মানতে নারাজ বিরোধী দলগুলো। কংগ্রেস নেতা তাপস দে প্রথম আলোকে বলেন, ‘সিপিএম দলটাই চিটফান্ড-কাণ্ডের মূল কান্ডারি।’

তৃণমূল কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মণ আরেক ধাপ এগিয়ে বলেন, ‘মুখ্যমন্ত্রী মানিক সরকারসহ মন্ত্রিসভার বহু সদস্যের জন্যই চিটফান্ড ত্রিপুরায় রমরমা কারবারের জন্ম দেয়। লাখ লাখ মানুষ কোটি কোটি টাকা সঞ্চয় রেখে প্রতারিত হন।’

প্রদেশ বিজেপির সহসভাপতি সুবল ভৌমিকের সাফ কথা, ‘মুখ্যমন্ত্রীসহ অন্যরা নিজেদের চিটফান্ড পাপে জেলে যাবেনই। এটা শুধু সময়ের অপেক্ষা।’