রোজভ্যালি ঘটনায় গ্রেপ্তার তৃণমূলের আরেক সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুদীপ বন্দ্যোপাধ্যায়
সুদীপ বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গের চাঞ্চল্যকর রোজভ্যালি আর্থিক কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তৃণমূল কংগ্রেসের আরেক সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। একই অভিযোগে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছিল তৃণমূলের সাংসদ ও প্রখ্যাত অভিনেতা তাপস পালকে।
পশ্চিমবঙ্গের রোজভ্যালি প্রতিষ্ঠানটি আরেক বিতর্কিত সারদা গোষ্ঠীর মতো স্বল্প সঞ্চয়ের প্রকল্প করে সাধারণ মানুষের প্রচুর টাকা আমানত হিসেবে সংগ্রহ করে। তারা ওই অর্থ আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। এতে জড়িত থাকার অভিযোগ এনে সিবিআই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গত ৩০ ডিসেম্বর কলকাতার সিবিআই দপ্তরে হাজির হওয়ার নোটিশ দেয়। সময় চাইলে গতকাল হাজির হতে বলা হয় তাঁকে। সে অনুযায়ী গতকাল সকালে সুদীপ হাজিরা দিতে গেলে তাঁকে জেরা করা হয়। জেরায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চাওয়া হয়, রোজভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুর সঙ্গে তাঁর কী সম্পর্ক। গৌতম কুণ্ডুর দেওয়া অর্থে বিদেশ ভ্রমণ, গাড়ি কেনার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে সুদীপ কোনো সদুত্তর দিতে পারেননি। এরপর বিকেলে সিবিআই তাঁকে গ্রেপ্তার করে।
সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পরপরই ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেসে। বিকেলেই তৃণমূল ছাত্র পরিষদের একদল কর্মী-সমর্থক কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপির রাজ্য সচিবালয়ের সামনে উপস্থিত হয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে তৃণমূলের সমর্থকেরা বিজেপি অফিসে ঢুকতে চাইলে বাধা দেন বিজেপির কর্মী-সমর্থকেরা। তাঁরা তাঁদের অফিস থেকে লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে আসেন। তখন তৃণমূল ছাত্র পরিষদের নেতা-সমর্থকেরা একজোট হয়ে ইটপাটকেল ছুড়তে থাকেন। এতে বিজেপির বেশ কজন কর্মী-সমর্থক জখম হন। দুই দলের মধ্যে একপর্যায়ে ব্যাপক সংঘর্ষ বাধে।
সুদীপের গ্রেপ্তার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বলেছেন, এই রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে তাঁরা রুখে দাঁড়াবেন। তিনি এ ঘটনার প্রতিবাদে দেশব্যাপী আন্দোলনের ডাক দেন।