রোয়ানুর প্রভাবে প্লাবিত উত্তর ত্রিপুরা
প্রবল বর্ষণে নাকাল ভারতের ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকার মানুষ। ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র দাপট সমস্যা আরও জটিল করে তুলছে। আসামের বরাক উপত্যকায় জারি করা হয়েছে বিশেষ সতর্কতা।
ইতিমধ্যেই প্লাবিত হয়েছে উত্তর ত্রিপুরার বিস্তীর্ণ এলাকা। ধসের কবলে পড়ে রেল ও সড়ক-যোগাযোগ বহু জায়গায় বন্ধ। ফলে গোটা দেশ থেকে মিজোরাম ও ত্রিপুরা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আবহাওয়াবিদদের অনুমান, বৃষ্টির প্রকোপ আরও বাড়বে।
কয়েক দিন ধরেই প্রবল বৃষ্টিপাত বরাক উপত্যকা ও ত্রিপুরার উত্তরাঞ্চলে বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি করেছে। আসামের বরাক নদী বেশ কয়েক জায়গায় বিপৎসীমার ওপর দিয়ে বইছে। উত্তর ত্রিপুরার ধর্মনগরের বহু মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছে। একই ছবি বরাকেও। সবচেয়ে অসুবিধায় পড়েছে যোগাযোগ-ব্যবস্থা। শিলচর-লামডিং রেলপথে ধসের কারণে ট্রেন চলাচল বন্ধ। জাতীয় সড়কেও বেশ কয়েক জায়গায় ধস নেমেছে। এমনকি বেশ কয়েক জায়গায় জাতীয় সড়কের ওপর হাঁটুসমান উঁচু হয়ে পানি বইছে। মারাত্মক বিঘ্নিত সড়ক পরিবহনও। ফলে গোটা দেশ থেকে সড়ক ও রেলপথে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ত্রিপুরা ও মিজোরাম।
এদিকে, আগরতলা আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ভারতীয় সময় সকাল সাড়ে আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৫ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে আগরতলায়। আবহাওয়াবিদ দিলীপ সাহার পূর্বাভাস, রোয়ানুর প্রভাব বাড়লে রাজ্যে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও সাধারণ মানুষকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন ত্রিপুরার খাদ্যমন্ত্রী মানিক দে। মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, এবার আগে থেকেই প্রচুর খাদ্যশস্য মজুত রাখা হয়েছে। ফলে এখনই বিপদের কোনো আশঙ্কা নেই। তবে রেল ও জাতীয় সড়ক যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির জন্য ভারত সরকারের কাছে আরজি জানান তিনি। প্রয়োজনে বাংলাদেশের ভেতর দিয়ে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাঠানোরও উদ্যোগ নিতে মানিক দে দিল্লিকে অনুরোধ করেন।
ত্রিপুরা দুর্যোগ মোকাবিলা দপ্তরের কর্মকর্তা শরৎ দাস জানিয়েছেন, ঝড় ও প্রবল বর্ষণের সতর্কতা দুই দিন আগেই জারি করা হয় ত্রিপুরায়। রোয়ানুর হাত ধরে ত্রিপুরায় ৩৫ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তবে চট্টগ্রাম-সংলগ্ন দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে শনিবার রাতে ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। তাই সেখানে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।