রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহলদারি বাড়াল ভারত
রোহিঙ্গাদের অনুপ্রবেশ রুখতে মিয়ানমার সীমান্তবর্তী রাজ্যগুলোয় টহলদারি বাড়াল ভারত। উত্তর-পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরাম সরকার জানিয়েছে এখনো পর্যন্ত রোহিঙ্গা অনুপ্রবেশের কোনো খবর নেই। মিয়ানমারের সঙ্গে ১ হাজার ৬৪৩ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্তেই টহলদারি বাড়িয়েছে ভারত।
ভারত ও মিয়ানমার সীমান্তে বর্তমান আইন অনুযায়ী ১৬ কিলোমিটার ফ্রি জোন। অর্থাৎ উভয় দেশের নাগরিকেরাই সীমান্ত অতিক্রম করে আট কিলোমিটার বিনা পাসপোর্ট ভিসায় ঘোরাফেরা করতে পারে। তবে বিকেল চারটা পর্যন্ত এই সুবিধা বলবৎ থাকে।
মিয়ানমারের সঙ্গে সবচেয়ে বড় সীমান্ত ভারতের অরুণাচল প্রদেশের। ৫২০ কিলোমিটার উন্মুক্ত সীমান্তে প্রহরার ভার সামরিক বাহিনী পরিচালিত আাধা সেনা আসাম রাইফেলসের ওপর। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজেজু নিজে এই রাজ্যের বাসিন্দা। রাজ্য সরকারের দাবি, এখনো পর্যন্ত অনুপ্রবেশের কোনো খবর নেই।
মণিপুরেও রোহিঙ্গা অনুপ্রবেশ রুখতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্যের ৩৯৮ কিলোমিটার সীমান্তেই বাড়ানো হয়েছে টহলদারি। এখনো পর্যন্ত ৪৬ জন সন্দেহভাজন রাজ্যে আটক হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। মুখ্যমন্ত্রী বীরেন সিং সাংবাদিকদের জানান, মিয়ানমার সীমান্তবর্তী মোরেতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মিয়ানমারের বাণিজ্যিক শহর টামু থেকে মোরে আসা-যাওয়ার ওপর কড়া নজরদারি চলছে।
মিজোরামে রোহিঙ্গা মুসলিম শরণার্থী অনুপ্রবেশের কোনো খবর নেই। তবে রাজ্যের ৫১০ কিলোমিটার মিয়ানমার সীমান্ত দিয়ে আরাকানের নাগরিক অনুপ্রবেশ করছেন। লুংতলাই জেলাতেই ১৭০ জন আরাকানি নাগরিক আশ্রয় নিয়েছেন বলে জানা যায়।
উত্তর-পূর্ব ভারতের আরেক রাজ্য ত্রিপুরায় রোহিঙ্গা মুসলিমদের সমর্থনে পথে নেমেছে জমিয়ত উলেমায়ে হিন্দ। তাদের দাবি, মিয়ানমারে সেনা অত্যাচার প্রতিরোধে সোচ্চার হতে হবে ভারতকেও। রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে আন্দোলন। শনিবার ত্রিপুরার সোনামুড়ায় বের হয় বিশাল মিছিল।