রোহিঙ্গা ও মাওবাদী সংকট নিয়ে পশ্চিমবঙ্গে বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনাথ সিং
রাজনাথ সিং

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্নে চার রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করেছেন। আজ সোমবার সকালে মাওবাদী, রোহিঙ্গা, সীমান্ত নিরাপত্তা, আন্তরাজ্য অনুপ্রবেশসহ ৫০টি বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এতে অংশ নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস, বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি ও ওডিশার মুখ্যমন্ত্রীর প্রতিনিধিসহ অন্যরা।

বৈঠকে মাওবাদী, রোহিঙ্গা সংকটসহ পূর্বাঞ্চলের রাজ্যগুলোর অভ্যন্তরীণ নিরাপত্তা-সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা হয়। চার রাজ্যের মাওবাদী সমস্যা নিয়েও গুরুত্বপূর্ণ কথা হয়েছে। এর আগে মাওবাদীদের তৎপরতা রোধের জন্য পশ্চিমবঙ্গে মাওবাদী অধ্যুষিত জঙ্গলমহল এলাকায় কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হলেও বর্তমানে বেশির ভাগ নিরাপত্তা বাহিনী তুলে নেওয়া হয়েছে। এই বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে দেন, মাওবাদী তৎপরতা রোধে ফের কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা প্রয়োজন।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, রোহিঙ্গা নিয়ে সংশ্লিষ্ট সব রাজ্যকে রোহিঙ্গাদের বায়োমেট্রিক ডাটা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া গোটা দেশে আসা রোহিঙ্গাদের পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। বৈঠকে এসব রাজ্যের কেন্দ্রীয় সরকারের আর্থিক প্যাকেজ, ডিভিসির পানি বণ্টন, এনআরসি ও অন্যান্য রাজ্যের নাগরিকদের অনুপ্রবেশ নিয়ে আলোচনা হয়েছে।

বৈঠকে বক্তারা বলেন, ৫০টি ইস্যুর মধ্যে ৩০টি ইস্যুতে সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে। ফলে বৈঠকটি সফল হয়েছে বলে তাঁরা মনে করছেন।

পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এরই মধ্যে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’ করার উদ্যোগ নিয়ে বিধানসভায় ‘বাংলা ’নামটির অনুমোদন নিয়ে পাঠিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।