রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি

রোহিঙ্গা সমস্যা মানবিক সংকট হিসেবে দেখা দিলেও এটি বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ সোমবার কলকাতায় গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতায় তিনি জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় আট লাখ রোহিঙ্গা অবস্থান করছে। এদের সঙ্গে সন্ত্রাসবাদীদের যোগ সম্পর্কে সরকারের কিছু জানা নেই।
কলকাতার আইসিসিআরের সত্যজিৎ রায় মিলনায়তনে ‘আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় কথাগুলো বলেন শাহরিয়ার আলম। পশ্চিমবঙ্গের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন এ আলোচনার আয়োজন করে।
আলোচনায় শাহরিয়ার আলম বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান করতে হলে মিয়ানমার সরকারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দিতে হবে। আর জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের দেওয়া প্রস্তাব অনুযায়ীই এই সমস্যা মিটতে পারে। বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী বলেছেন, রোহিঙ্গা সমস্যার ব্যাপারে ভারত বাংলাদেশের পাশে রয়েছে। এ প্রসঙ্গে তিনি ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে তাঁর আলোচনার কথাও উল্লেখ করেছেন।
আয়োজিত ‘আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় বাংলাদেশের অগ্রগতির চিত্রটি তুলে ধরেন বিভিন্ন বক্তা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, বিশ্ব অর্থনীতির শ্লথগতি সত্ত্বেও গত এক দশকে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে অনেক উন্নতি করেছে। সামাজিক ক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের উদাহরণ গোটা বিশ্বে রোল মডেল হিসেবে পরিগণিত হয়েছে। তিনি বাংলাদেশের সাফল্যের ধারাবাহিক ইতিহাস তুলে ধরতে গিয়ে বলেন, ‘আমাদের অনেক পথ পাড়ি দিতে হয়েছে। আমরা চাই, বাংলাদেশ ও ভারত একে অপরকে সহায়তা করে এগিয়ে চলুক।’
আলোচনায় স্বাগত ভাষণ দেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান। আলোচনায় অংশ নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস বলেছেন, বাংলাদেশের উত্থানের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে যে ধর্মের ভিত্তিতে কোনো জাতি তৈরি করা যায় না। সামাজিক ক্ষেত্রে যে বাংলাদেশ প্রবল অগ্রগতি ঘটিয়েছে, তারও উল্লেখ করেন তিনি। আলোচনায় আর অংশ নিয়েছেন সাংবাদিক আবেদ খান, অধ্যাপক শফি আহমেদ, অধ্যাপক অজিতাভ রায় চৌধুরী প্রমুখ। তবে সম্মানিত অতিথি হিসেবে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রীর সেমিনারে অংশ নেওয়ার কথা থাকলেও তিনি এদিনের অনুষ্ঠানে আসেননি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর নামে চেয়ার করার প্রস্তাব: বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি চেয়ার চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। আজকের আলোচনায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাশ এ প্রস্তাব দেন। তিনি বলেন, যাদবপুরে একটি পরিদর্শক চেয়ার চালু করা গেলে বাংলাদেশ থেকে বিশিষ্টজনেরা এসে এখানে আলোচনা করতে পারবেন। তিনি বলেন, বাংলাদেশ সরকারকে তিনি তাঁর প্রস্তাবটি বিবেচনর কথা বলেছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম প্রস্তাবটি বিবেচনার আশ্বাস দিয়েছেন।