র্যাগিংয়ের খেসারত ২৫ হাজার রুপি

র্যাগিং করার অপরাধে ভারতের বিহার রাজ্যের দ্বারভাঙ্গা মেডিকেল কলেজ ও হাসপাতালের ৫৪ জন ছাত্রীকে ২৫ হাজার রুপি করে জরিমানা দিতে হবে। গতকাল শনিবার কলেজ কর্তৃপক্ষ তাঁদের এই শাস্তি দিয়েছে।
এই ছাত্রীরা কলেজের হোস্টেলে থাকেন। তাঁরা দ্বিতীয় বর্ষে পড়েন। বেশ কিছুদিন ধরে তাঁরা প্রথম বর্ষের ছাত্রীদের উত্ত্যক্ত করছিলেন।
র্যাগিংয়ের শিকার মানসিকভাবে বিপর্যস্ত প্রথম বর্ষের এক ছাত্রী ভারতের মেডিকেল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার বা এমসিআইয়ের কাছে অভিযোগ করেন। প্রথম বর্ষের ওই ছাত্রীর অভিযোগ, দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীরা তাঁদের নিয়মিত মারধর, উত্ত্যক্ত করা এবং অপমানজনক কথাবার্তা বলেন।
অভিযোগের পর দ্বারভাঙ্গা কলেজ কর্তৃপক্ষ অ্যান্টি–র্যাগিং কমিটিকে তদন্তের দায়িত্ব দেয়। গত শুক্রবারের বৈঠকে কমিটি ৫৪ ছাত্রীকে শনাক্ত করে। এরপর তাঁদের জরিমানা হয়।
কলেজ অধ্যক্ষ আর কে সিনহার ভাষ্য, ২৫ নভেম্বরের মধ্যে ছাত্রীদের জরিমানার টাকা জমা দিতে হবে। না হলে তাঁদের ছয় মাসের জন্য কলেজ থেকে বহিষ্কার করা হবে।
গত সপ্তাহে বিহারের ভাগলপুরের জওহরলাল নেহরু মেডিকেল কলেজ হাসপাতালেও র্যাগিংয়ের অপরাধে ৩৩ জন শিক্ষার্থীকে ২৫ হাজার রুপি করে জরিমানা করা হয়।