ললিত কেলেঙ্কারিতে এবার বরুণ গান্ধীর নাম

দুর্নীতির দায়ে অভিযুক্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাবেক কমিশনার ললিত মোদিকে নিয়ে ভারতের রাজনীতির উত্তাপ কমছেই না। ললিতের সর্বশেষ নিশানায় এবার দেশটির ক্ষমতাসীন দল বিজেপির সাংসদ বরুণ গান্ধী। ললিতের দাবি, বছর কয়েক আগে লন্ডনে তাঁর বাসায় এসে বরুণ বলেছিলেন, সোনিয়া গান্ধীর সঙ্গে ললিতের মিটমাট তিনি করিয়ে দেবেন। বিনিময়ে খরচ করতে হবে ৬ কোটি ডলার।
এই দাবির সমর্থনে ললিত অবশ্য কোনো প্রমাণ দাখিল করেননি। বরুণ গান্ধী বলেছেন, ওসব বাজে কথা।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ললিতের কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়ার পর থেকে ললিত নিত্যনতুন তথ্য দাখিল করছেন। গত সপ্তাহে টুইট করে বলেছিলেন, লন্ডনের এক রেস্তোরাঁয় তাঁর সঙ্গে দেখা হয়েছিল প্রিয়াঙ্কা গান্ধী ও তাঁর স্বামী রবার্টের। এবার টানলেন বরুণকে এবং এ কথা বলার চেষ্টা করলেন যে তাঁর সঙ্গে কংগ্রেসের যে লড়াই তাতে বরুণ মধ্যস্থতাকারীর ভূমিকা নিতে চেয়েছিলেন।
ললিতের টুইট অনুযায়ী, বরুণ তাঁর সঙ্গে দেখা করে বলেছিলেন ইতালিতে সোনিয়ার বোনের সঙ্গে দেখা করতে। সোনিয়ার সঙ্গে কথা বলিয়ে সব মিটমাট করার কথাও বলেছিলেন। এ জন্য সোনিয়াকে ছয় কোটি ডলার দিতে হবে।
ললিতকে নিয়ে ভারতের রাজনীতি তোলপাড় হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনো এ নিয়ে মুখ খোলেননি। কংগ্রেস প্রতিদিন নিয়ম করে সুষমা ও বসুন্ধরার ইস্তফা দাবি করে চললেও দুই নারী এখনো তাঁদের পদে বহাল। দুজনের কেউই এ নিয়ে কোনো মন্তব্য করছেন না। বিজেপি দল ও মোদি সরকার পূর্ণভাবে এই দুজনকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। এই অবস্থা চলতে থাকলে এটা নিশ্চিত করে বলা যায়, ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশন উত্তপ্ত হবে। ব্যাহত হবে সংসদের স্বাভাবিক কাজ।
ললিত মোদির সঙ্গে সুষমা ও বসুন্ধরার পারিবারিক এবং ব্যবসায়িক সম্পর্কের নিত্যনতুন তথ্যও প্রতিদিন উঠে আসছে। গতকাল বুধবার জানা গেল, সুষমার স্বামী স্বরাজ কৌশলকে ললিত এই বছরের মে মাসে তাঁরই এক কোম্পানিতে পরিচালক হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। স্বরাজ কৌশল অবশ্য সেই প্রস্তাব গ্রহণ করেননি। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ২০ বছর ধরে তিনি ললিত মোদির আইনজীবী। তবে পরিচালক হওয়ার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন।