ললিত জড়ালেন প্রিয়াঙ্কাকে

আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদিকে ঘিরে গড়ে ওঠা বিতর্কে এবার প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রের নাম জড়াল। ললিত এক টুইটে বলেছেন, লন্ডনের এক রেস্তোরাঁয় প্রিয়াঙ্কা ও তাঁর স্বামী রবার্ট ভদ্রের সঙ্গে তাঁর দেখা হয়েছিল। অন্য একটি টুইটে তিনি বলেন, খুব সম্ভবত গত বছর কিংবা তার আগের বছরে এই সাক্ষাৎ হয়েছিল।
প্রিয়াঙ্কার নাম জড়ানোর সঙ্গে সঙ্গেই এত দিন ধরে বিব্রত বিজেপি উজ্জীবিত হয়ে উঠেছে। দলের মুখপাত্র সম্বিত পাত্র জানতে চেয়েছেন, কংগ্রেস নেতারা কেন এত ললিতের সঙ্গে যোগাযোগ রেখেছেন, তা জানা দরকার। একমাত্র সোনিয়া গান্ধীই তার উত্তর দিতে পারবেন।
বিজেপি চনমনে হয়ে উঠলেও কংগ্রেস ললিতের এই দাবিকে আদৌ গুরুত্ব দিতে রাজি নয়। দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা ললিতের এই দাবিকে বালখিল্য অভিহিত করে জানিয়েছেন, ‘আমি দায়িত্বের সঙ্গে বলতে পারি, প্রিয়াঙ্কা বা রবার্ট কোনো সামাজিক অনুষ্ঠানে কখনোই ললিতের সঙ্গে কথা বলেননি। রেস্তোরাঁয় দেখা হওয়াটা আর যাই হোক অপরাধ নয়।’
ললিত-কাণ্ডে বিজেপির যে দুই নেত্রীর নাম প্রবলভাবে জড়িয়েছে, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, নরেন্দ্র মোদির সরকারের কাছে তা নিশ্চিতই বিড়ম্বনার। এঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বিরোধীদের চাপ বাড়লেও সরকার এখনো দ্বিধান্বিত। সুষমাকে নিয়ে সরকারের মধ্যে কোনো দ্বিধা না থাকলেও বসুন্ধরাকে নিয়ে দল ও সরকারে ভিন্নমত রয়েছে। একাংশ চান বসুন্ধরা সরে যান। কিন্তু তাঁকে সরানো হলে সুষমাকে ধরে রাখা কঠিন হবে। আবার বসুন্ধরাও ইস্তফা দিতে নারাজ। রাজ্যের পরিষদীয় দলের অধিকাংশ সদস্য তাঁর পক্ষে।
এরই পাশাপাশি অন্য দুই বিষয়ে বিজেপির আরও দুই মন্ত্রী জড়িয়ে পড়েছেন। শিক্ষাগত যোগ্যতার ভুয়া ডিগ্রি দাখিল করার অভিযোগে মামলা হয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানির বিরুদ্ধে এবং বিনা টেন্ডারে ২০৬ কোটি রুপির বরাত (অর্ডার) দেওয়ার অভিযোগ এসেছে মহারাষ্ট্রের বিজেপি সরকারের মন্ত্রী পঙ্কজা মুন্ডের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে গতকাল বৈঠকে বসেন দলের সভাপতি অমিত শাহ ও অর্থমন্ত্রী অরুণ জেটলি।