ললিত-সুষমা প্রশ্নে মোদি কেন চুপ, প্রশ্ন কংগ্রেসের
ললিত-সুষমা বিতর্ক এখনো অব্যাহত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিশ্চুপ থাকায় কংগ্রেস গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করেছে।
কংগ্রেসের সাবেক মন্ত্রী আনন্দ শর্মা এই দাবি জানিয়ে বলেছেন, আইপিএলের সাবেক কমিশনার ললিত মোদির ভিসা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, তার পূর্ণাঙ্গ তদন্তের জন্য সুপ্রিম কোর্ট এক বিশেষ কমিটি গঠন করুক। কারণ, মোদি সরকারের বিভিন্ন মন্ত্রী তথ্য গোপন করছেন এবং একজন অপরাধীকে আড়াল করছেন।
ললিত মোদির ভিসা প্রসঙ্গ থেকে কংগ্রেস মঙ্গলবার একটু সরে এসেছে। বিষয়টিকে ভিসা দেওয়া না দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না রেখে একজন অর্থনৈতিক অপরাধীকে আড়াল করার প্রসঙ্গকে বড় করে তুলে ধরেছে। আনন্দ শর্মার প্রশ্ন, ললিত মোদির পাসপোর্ট মামলায় সরকার কেন বিরোধিতা করল না? কেনই বা এনফোর্সমেন্ট বিভাগ সক্রিয় নয়? কেনই বা প্রধানমন্ত্রী চুপ?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনো মুখ না খুললেও সরকার ও দল সামগ্রিকভাবে সুষমা স্বরাজের পাশে দাঁড়িয়েছে। কংগ্রেসের বক্তব্য খণ্ডন করে তারা বিষয়টিকে রাজনৈতিক লড়াইয়ের দিকে নিয়ে যেতে চাইছে। যেমন, কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর চেন্নাইয়ে বলেছেন, নির্বাচনে পর্যুদস্ত হয়ে কংগ্রেস তার বোধবুদ্ধিও হারিয়ে ফেলেছে। তাই নন ইস্যুকে ইস্যু করতে চাইছে। জাভড়েকরের মন্তব্য, দেশের মানুষ যেভাবে বিজেপিকে উজাড় করে সমর্থন জানিয়েছে তাতে তারা হতাশ। এই সব অভিযোগ ও দাবি সেই হতাশারই পরিচয়।
ললিতের ভিসা পাওয়ার প্রসঙ্গটি কীভাবে ফাঁস হলো সেই সন্দেহের নিরসন এখনো হয়নি। বিজেপির অভ্যন্তরীণ মেরুকরণ ও ক্রিকেট রাজনীতি কতটা জড়িত তা নিয়ে জল্পনা চলছে। এই জল্পনার মধ্যেই অর্থমন্ত্রী অরুণ জেটলি (তাঁর সঙ্গে সুষমার রেষারেষি সকলের জানা) সংবাদমাধ্যমকে জানান, সুষমা স্বরাজের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ ভিত্তিহীন। ললিত মোদির বিরুদ্ধে ‘ব্লু কর্নার নোটিশ’ এখনো জারি রয়েছে জানিয়ে জেটলি বলেন, ললিত মোদির বিরুদ্ধে মোট ১৬টি অভিযোগের তদন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করছে। এগুলোর মধ্যে ১৫ টিতে তাঁকে শো কাজ করা হয়েছে, একটির তদন্ত এখনো চলছে।