ললিতকাণ্ড নিয়ে তোলপাড় ভারতের পার্লামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেমনটি ভাবা হয়েছিল তাই হলো। ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে উচ্চকক্ষ রাজ্যসভায় গতকাল মঙ্গলবার বিরোধী দলগুলোর তোপের মুখে পড়ল ক্ষমতাসীন সরকার। বিষয়, দুর্নীতির দায়ে অভিযুক্ত আইপিএলের সাবেক প্রধান ললিত মোদি আর তাঁকে সমর্থন দেওয়ায় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের পদত্যাগ দাবি। বিরোধীদের তুমুল হট্টগোলের মুখে কয়েকবার বন্ধ করে দিতে হয় অধিবেশন। শেষমেশ আজ বুধবার পর্যন্ত মুলতবি করা হয় রাজ্যসভার অধিবেশন। খবর টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দুর।
অধিবেশনে সুষমা স্বরাজের পাশাপাশি রাজস্থানের বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে এবং মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানের পদত্যাগ দাবি করে বিরোধীরা। বিরোধী দলগুলোর পক্ষ থেকে কংগ্রেস নেতা আনন্দ শর্মা সরব হন।
২১ দিনের এই অধিবেশন শুরুর আগে এক টুইটার বার্তায় সুষমা স্বরাজ জানান, ললিত মোদির সঙ্গে যোগাযোগের বিষয়ে উত্তর দিতে তিনি প্রস্তুত। রাজ্যসভার নেতা অর্থমন্ত্রী অরুন জেটলি বিষয়টি নিয়ে আলোচনার আহ্বান জানান। এ বিষয়ে সুষমা বিবৃতি দেবেন বলেও জানান জেটলি। তবে বিরোধীরা সুষমার পদত্যাগের দাবিতে অনড় থাকে। কংগ্রেস বলে সুষমা, রাজে এবং শিবরাজ সিংকে বিদায় না করলে তারা পার্লামেন্ট চলতে দেবে না।
রাজ্যসভায় সিপিএমের সদস্য সীতারাম ইয়েচুরি বলেন, বিজেপি যখন বিরোধী দলে ছিল তখনো তারা দুর্নীতির অভিযোগ তদন্তাধীন থাকলেও অভিযুক্ত মন্ত্রীদের পদত্যাগের বিষয়ে এমনই আচরণ করত।
রাজ্যসভার অধিবেশন থেকে বেরিয়ে অরুন জেটলি সাংবাদিকদের বলেন, ‘আমরা পরিষ্কার বুঝতে পারছি যে বিরোধী দল অধিবেশন বাধাগ্রস্ত করতে চাইছে। তারা আলোচনা চায় না। কিন্তু আমরা প্রকাশ্যে ঘোষণা দিয়েছি, বিষয়টি নিয়ে আলোচনা হবে।’
সুষমার পদত্যাগের বিষয়ে বিরোধীদের দাবি প্রসঙ্গে অরুন জেটলি বলেন ‘কে দোষী, কে নির্দোষ সে বিষয়ে সমস্ত ঘটনা আগে বের হোক। তারপরই সব পরিষ্কার হবে।’
চরম গোলোযোগপূর্ণ অধিবেশন শুরুর আগে অবশ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধী দলের সমর্থন চান। গতকাল পার্লামেন্ট ভবনে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘দেশের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হলে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। আমি আশা করি, পার্লামেন্ট সুস্থ বিতর্কের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা পূরণ করবে।’