ললিত-কাণ্ডে জড়াল বরুণ গান্ধীর নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরুণ গান্ধী
বরুণ গান্ধী

ললিত-কাণ্ডের শেষ কোথায় ও কীভাবে এখনো তা অজানা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাবেক কমিশনার ললিত মোদির সর্বশেষ নিশানায় এবার বিজেপি সাংসদ বরুণ গান্ধী।
ললিতের দাবি, বছর কয়েক আগে লন্ডনে তাঁর বাসভবনে এসে বরুণ বলেছিলেন, সোনিয়া গান্ধীর সঙ্গে ললিতের মিটমাট তিনি করিয়ে দেবেন। এর বিনিময়ে ললিতকে খরচ করতে হবে ৬ কোটি ডলার।
এই দাবির সমর্থনে ললিত অবশ্য কোনো প্রমাণ দাখিল করেননি। বরুণ গান্ধী বলেছেন, ‘এ সব বাজে কথা।’
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ও রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে ললিতকাণ্ডে ফেঁসে যাওয়ার পর থেকে ললিত নিত্য নতুন তথ্য দাখিল করছেন। গত সপ্তাহে টুইট করে বলেছিলেন, লন্ডনের এক রেস্তোরাঁয় তাঁর সঙ্গে দেখা হয়েছিল প্রিয়াঙ্কা গান্ধী ও তাঁর স্বামী রবার্টের। এ বার টানলেন বরুণকে এবং এ কথা বলার চেষ্টা করলেন, তাঁর সঙ্গে কংগ্রেসের যে লড়াই তাতে বরুণ মধ্যস্থের ভূমিকা নিতে চেয়েছিলেন।
ললিতের টুইট অনুযায়ী, বরুণ তাঁর সঙ্গে দেখা করে বলেছিলেন সোনিয়া গান্ধীর বোনের সঙ্গে ইতালিতে দেখা করতে। সোনিয়ার সঙ্গে কথা বলিয়ে সব মিটমাট করার কথাও বলেছিলেন। এ জন্য সোনিয়াকে ৬ কোটি ডলার দিতে হবে।

ললিত-কাণ্ড নিয়ে ভারতের রাজনীতি তোলপাড় হলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখনো এ নিয়ে মুখ খোলেননি। কংগ্রেস প্রতিদিন নিয়ম করে সুষমা ও বসুন্ধরার ইস্তফা দাবি করে চললেও দুই নারী এখনো তাঁদের পদে বহাল। দুজনের কেউই এ নিয়ে কোনো মন্তব্য করছেন না। বিজেপি দল ও মোদি সরকার পূর্ণভাবে এই দুজনকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। এই অবস্থা চলতে থাকলে এটা নিশ্চিত করে বলা যায়, ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশন উত্তপ্ত হবে। ব্যাহত হবে সংসদের স্বাভাবিক কাজ।
ললিত মোদির সঙ্গে সুষমা ও বসুন্ধরার পারিবারিক ও ব্যবসায়িক সম্পর্কের নিত্য নতুন তথ্যও প্রতিদিন উঠে আসছে। আজ বুধবার জানা গেল, সুষমার স্বামী স্বরাজ কৌশলকে ললিত এই বছরের মে মাসে তাঁরই এক কোম্পানিতে ডিরেক্টর হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। স্বরাজ কৌশল অবশ্য সেই প্রস্তাব গ্রহণ করেননি। সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, গত ২০ বছর ধরে তিনি ললিত মোদির আইনজীবী। তবে ডিরেক্টর হওয়ার প্রস্তাব তিনি প্রত্যাখ্যান করেছেন।
কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভির দাবি, পররাষ্ট্রমন্ত্রী ও তাঁর পরিবার একজন ফেরারি আসামিকে নানাভাবে সাহায্য করে চলেছেন। এটা নিছকই দেশবিরোধিতা। কংগ্রেসের দাবি, প্রধানমন্ত্রী রাজধর্ম ভুলে গেছেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী যশোবন্ত সিং থেকে সুষমা স্বরাজ সবাই মানবিক স্বার্থে সন্ত্রাসী ও ফেরারি অপরাধীদের মুক্তি দিয়ে চলেছেন! অভিষেক বলেন, দুর্নীতির বিরুদ্ধে নরেন্দ্র মোদি কত কথাই না বলেছেন। অথচ এখন দুর্নীতিগ্রস্তদের আড়াল করে তিনি মৌনব্রত পালন করছেন।