ললিতকে নয়, তাঁর স্ত্রীকে সহযোগিতা করেছি: সুষমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, যুক্তরাজ্যপ্রবাসী আইপিএলের সাবেক বিতর্কিত প্রধান ললিত মোদিকে কোনো সহযোগিতা তিনি করেননি। তিনি যা সহযোগিতা করেছেন তা তাঁর অসুস্থ স্ত্রীর জন্য। গতকাল বৃহস্পতিবার লোকসভায় দেওয়া বক্তব্যে এ কথা বলেন সুষমা। খবর এনডিটিভির।
দুর্নীতির মামলায় অভিযুক্ত ললিত মোদিকে সহযোগিতার অভিযোগে সুষমা এবং রাজস্থানের বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের পদত্যাগের দাবি করছে কংগ্রেসসহ কয়েকটি বিরোধী দল। এ নিয়ে ভারতের পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের শুরু থেকেই প্রায় অচলাবস্থা চলছে।
এরই পরিপ্রেক্ষিতে গতকাল লোকসভায় দেওয়া বক্তব্যে সুষমা স্বরাজ বলেন, ‘ললিত মোদির স্ত্রীকে সহযোগিতা করেছিলাম। কারণ তিনি একজন ভারতীয় নাগরিক। ক্যানসার আক্রান্ত ললিত মোদির স্ত্রী স্বামীর সঙ্গে পর্তুগাল যেতে সহযোগিতা চেয়েছিলেন। মোদির স্ত্রী নিরপরাধ। তিনি কোনো নিয়ম ভাঙেননি।’
সুষমা লোকসভায় অনুপস্থিত বিরোধী দল কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধীর উদ্দেশে বলেন, ‘আমি সোনিয়া গান্ধীকে জিজ্ঞেস করতে চাই, আমার জায়গায় আপনি থাকলে কী করতেন?’
সুষমা দাবি করেন, তিনি যুক্তরাজ্য সরকারকে শুধু এটুকু বলেছিলেন যে তারা যদি ললিত মোদিকে স্ত্রীর সঙ্গে পর্তুগাল যাওয়ার জন্য প্রয়োজনীয় ভ্রমণের কাগজপত্র দেয়, তবে তা দুই দেশের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।