লস্কর-ই-তাইয়েবার প্রশিক্ষণ পেয়েছিলেন জম্মুতে আটক জঙ্গি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের জম্মু-কাশ্মীরে গত বুধবার বিএসএফের গাড়িবহরে হামলার সময় ধরা পড়া জঙ্গি মোহাম্মদ নাভিদকে বড়মাপের জঙ্গি বলে চিহ্নিত করেছেন ভারতীয় নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। তাঁরা বলছেন, ধরার পর বুধবার সারা রাত জিজ্ঞাসাবাদে নাভিদ স্বীকার করেছেন, তিনি জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার প্রশিক্ষণ পেয়েছেন। খবর এনডিটিভির।
ভারতের সরকারি সূত্র বলেছে, নাভিদ জিজ্ঞাসাবাদে বারবার তাঁর বক্তব্য পাল্টাচ্ছেন। তিনি ৪৫ দিন আগে ভারতে ঢুকেছেন বলে জানিয়েছেন। ধরা পড়ার পর থেকে তিনবার নাম পাল্টেছেন ২২ বছর বয়সী এই জঙ্গি। প্রথমে তিনি তাঁর নাম বলেন কাসিম। পরে দুইবার পাল্টে বলেন ওসমান এবং নাভিদ। তিনি শেষ পর্যন্ত আবার ‘কাসিমেই’ ফিরে এসেছেন বলে জানা গেছে। বারবার নাম পাল্টালেও নাভিদ তাঁর বাড়িঘর এবং পরিবার সম্পর্কে দেওয়া তথ্য পাল্টাননি। নাভিদের ভাষ্য অনুযায়ী, তাঁর বাড়ি পাকিস্তানের ফয়সালাবাদে।
জিজ্ঞাসাবাদে নাভিদ বলেছেন, তাঁরা জম্মুর উধমপুরে পৌঁছে ট্রাকে চড়েন। তাঁদের ওপর নির্দেশ ছিল সেনাবাহিনীর কোনো বহরে হামলা করা। সঙ্গী রকিকে নিয়ে বুধবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গাড়িবহরে হামলা চালান নাভিদ। এতে দুই বিএসএফ সদস্য নিহত হন।
পাকিস্তানের অস্বীকার: এদিকে মোহাম্মদ নাভিদ ইয়াকুব ওরফে ওসমান খান পাকিস্তানের নাগরিক নয় বলে দাবি করেছে দেশটির সরকার। পাকিস্তানের সরকারি সূত্রকে উদ্ধৃত করে এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার খবরে বলা হয়, দেশটির ন্যাশনাল ডেটাবেইস অ্যান্ড রেজিস্ট্রেশন অথোরিটি (এনএডিআরএ) জানিয়েছে, এ নামটি তাদের তালিকায় নেই।