লাইভ অনুষ্ঠানে তারকার বিয়ে, সমালোচনা!

ভারতের মেগা রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর সেটে বিয়ে করেছেন এতে অংশগ্রহণকারী এক তারকা। সরাসরি প্রচারিত এই শো-তে মোনালিসা নামে অংশগ্রহণকারীর বিয়ের অনুষ্ঠান হয় শুটিং ফ্লোরেই। সেটের একটি গোপন ঘরে মোনালিসা এবং তাঁর স্বামী অভিনেতা বিক্রান্ত সিংহ রাজপুতের বাসরের ব্যবস্থাও করা হয়েছিল। সরাসরি দেখানো অনুষ্ঠানে বিয়ে হওয়া নিয়ে সমালোচনা উঠছে দেশটির বিভিন্ন মহলে। বলা হচ্ছে, দর্শক বাড়াতে আর কী কী দেখানো হবে শো-তে?
এনডিটিভি ও ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, ‘বিগ বস’-এ শোয়ে সব সময় ক্যামেরা চালু থাকে। আর এটা করা হয় অংশগ্রহণকারী প্রতিযোগীদের নজরদারিতে রাখার জন্যই। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে যে বিয়ের পরই বাসরের শুটিং করা হয়েছে কি না?

দীর্ঘদিন ধরেই ভোজপুরি সিনেমার নায়ক বিক্রান্ত সিংহ রাজপুতের সঙ্গে প্রেম ছিল মোনালিসার। বিক্রান্ত সিংহ ‘বিগ বস’-এ হাউসের মধ্যেই ভোজপুরি সিনেমার তারকা বাঙালি মেয়ে মোনালিসাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। সম্মতি ছিল মোনালিসারও। সে কারণেই তাঁদের বিয়েটা ‘বিগ বস’ হাউসের মধ্যেই সেরে ফেলা হয়েছে। মেয়ের বিয়ে উপলক্ষে বিগ বসে গিয়েছিলেন মোনালিসার মা। রীতি মেনে কন্যাদান করেছেন তিনি। বিয়ে ও ফুলশয্যার পর বিক্রান্ত বিগ বস হাউস থেকে বেরিয়ে গেছেন। স্বামীর চলে যাওয়ায় মোনালিসা কান্নাকাটিও করেছেন।

খবরে বলা হচ্ছে, সরাসরি অনুষ্ঠানে বিয়ে করার জন্য মোনালিসা ও বিক্রান্ত রাজপুতকে মোট ৫০ লাখ রুপি দেওয়া হয়েছে ‘বিগ বস’-এর পক্ষ থেকে।
এদিকে সরাসরি এভাবে বিয়ের হওয়ায় নতুন বিতর্কে জড়াল সালমান খানের আলোচিত রিয়্যালিটি শো বিগ বস। সমালোচকেরা বলছেন, দর্শক বাড়াতে আরও নিচে নামবে টিভি চ্যানেলগুলো!
তবে এর পক্ষে সোচ্চার একটি পক্ষ। তাদের দাবি, প্রেমিক বিক্রান্ত মোনালিসাকে ‘বিগ বস’ হাউসের মধ্যেই বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। মোনালিসারও আপত্তি ছিল না। সে কারণেই তাঁদের বিয়েটা ‘বিগ বস’ হাউসের মধ্যেই সেরে ফেলা হয়েছে।