লাকভির মুক্তিতে ভারতের তীব্র অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাই হামলার মূল চক্রান্তকারী জাকি উর রহমান লাকভির মুক্তিতে ভারত তীব্র অসন্তোষ প্রকাশ করেছে। গতকাল শুক্রবার পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্ট লাকভিকে মুক্তি দেওয়ার কথা ঘোষণা করার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানি হাইকমিশনার আবদুল বাসিতকে ডেকে পাঠিয়ে অসন্তোষ প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
লাকভির মুক্তির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে পাকিস্তানি হাইকমিশনারকে ভারত জানিয়ে দিয়েছে, এই রায় মেনে নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। ভারত এখনো মনে করে, পাকিস্তান লাকভির মামলাটা ঠিকমতো লড়েনি।
নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার (এলইটি) শীর্ষস্থানীয় কমান্ডার লাকভিকে ২০০৮ সালের মুম্বাই হামলার মূল চক্রী মনে করে পুলিশ। ২০০৯ সাল থেকে তিনি পাকিস্তানের জেলে বন্দী। ভারতের অভিযোগ, অকাট্য প্রমাণ দেওয়া সত্ত্বেও পাকিস্তানি কর্তৃপক্ষ লাকভির মামলাটা দায়সারাভাবে লড়েছে। এর ফলেই গত বছরের ডিসেম্বর মাসে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত তাঁকে জামিন দেয়। ভারত তখনই প্রতিবাদ জানায়। হাইকমিশনারকে ডেকে পাঠিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সে দেশের প্রবল আপত্তির কথা জানিয়ে দেয়। পাকিস্তান সরকার এরপর ফের লাকভিকে গ্রেপ্তার করে। কিন্তু হাইকোর্ট সেই গ্রেপ্তার আদেশের ওপর স্থগিতাদেশ দেয়। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে পাকিস্তানি সরকার সুপ্রিম কোর্টে যায়। জানুয়ারি মাসে সুপ্রিম কোর্ট লাকভিকে জেলে রাখার নির্দেশ দেয়।
গতকাল হাইকোর্ট লাকভিকে মুক্তির নির্দেশ দেওয়ার পর ভারত তার অসন্তোষ প্রকাশ করে প্রতিবাদ জানালেও শেষ পর্যন্ত আর তেমন কিছুই করার নেই। ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, লাকভির বিরুদ্ধে ভারত অকাট্য সব প্রমাণ পাকিস্তানের হাতে তুলে দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানি কর্তৃপক্ষ মামলাটা ঠিকমতো লড়েনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, ‘পাকিস্তান জেগে ঘুমোয়। তাদের জাগানো কঠিন।’
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে পাকিস্তানি হাইকমিশনার আবদুল বাসিত সংবাদ মাধ্যমকে বলেন, ‘নিম্ন আদালতে লাকভি জামিন পেয়েছেন ঠিকই, কিন্তু মামলা এখনো শেষ হয়নি। আমরা তা শেষ করার চেষ্টা করছি। আইনি প্রক্রিয়া শেষ হোক।’
বাসিতের বক্তব্যে নয়াদিল্লিতে ধারণা করা হচ্ছে, পাকিস্তান সরকার উচ্চতর আদালতে যাওয়ার সম্ভাবনা খুলে রেখেছে। এই সম্ভাবনা সম্পর্কে ভারত অবশ্য বিশেষ আশাবাদী নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সূত্রের মতে, পাকিস্তান সরকার তার সদিচ্ছার কোনো নজির আগেও রাখেনি, এখনো রাখবে বলে মনে হয় না। তারা কে ভালো সন্ত্রাসী, কে খারাপ সন্ত্রাসী এই বিভেদে ব্যস্ত। ভারত মনে করে না কোনো সন্ত্রাসীই ভালো হতে পারে।
লাকভির বিরুদ্ধে প্রমাণ হিসেবে পাকিস্তানের কাছে ভারত যা তুলে দিয়েছে, সেগুলোর মধ্যে ছিল মুম্বাই আসা জঙ্গিদের সঙ্গে স্যাটেলাইট ফোনে কথাবার্তার নমুনা। কিন্তু পাকিস্তান কখনো সেই কথোপকথনকে অকাট্য প্রমাণ হিসেবে স্বীকার করেনি। শুধু লাকভিই নয়, হাফিজ সাইদের বিরুদ্ধে ভারতের দেওয়া প্রমাণগুলোও পাকিস্তান অকাট্য বলে মানেনি। আদালতও তা মানতে অস্বীকার করেছে।