লাখভির জামিনের বিরোধিতা ভারতের
পাকিস্তানের নাগরিক জাকিউর রেহমান লাখভির জামিন মঞ্জুরের সিদ্ধান্ত পরিবর্তনে পাকিস্তানকে দ্রুত পদক্ষেপ নিতে বলেছে ভারত। ২০০৮ সালে মুম্বাইয়ে চালানো ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় অন্যতম প্রধান আসামি লাখভি। খবর বাসসের।
হামলার ষড়যন্ত্র ও সহায়তা করার জন্য অভিযুক্ত সাতজনের মধ্যে লাখভি অন্যতম।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন জোর দিয়ে বলেন, সন্ত্রাসবাদ দমনে কোনো বাছবিচার চলে না। লাখভির জামিন মঞ্জুরের বিষয়টি ভারতের কাছে গ্রহণযোগ্য নয়।
মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় অভিযুক্তের জামিন মঞ্জুরকে ভারত অত্যন্ত দুর্ভাগ্যজনক হিসেবে উল্লেখ করেছে। বৃহস্পতিবার নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, লাখভির মুম্বাই হামলায় জড়িত থাকার ব্যাপারে ভারত পাকিস্তানকে সব ধরনের তথ্যপ্রমাণ সরবরাহ করে। তিনি আশা করেন, ইসলামাবাদ উচ্চ আদালতে এ জামিনের বিরুদ্ধে আপিল আবেদন করবে।
পাকিস্তানের সন্ত্রাসবাদ দমন আদালত লাখভির জামিন মঞ্জুর করেন। মুম্বাইয়ে ওই হামলায় ১৬০ জনের বেশি লোক নিহত হয়।