লাজুক অভিনেত্রী থেকে তামিলের রানি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতার ছবিতে এভাবে দুধ ছিটিয়ে নিজেদের আনুগত্য দেখান দলীয় নেতারা। ছবি: সংগৃহীত
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতার ছবিতে এভাবে দুধ ছিটিয়ে নিজেদের আনুগত্য দেখান দলীয় নেতারা। ছবি: সংগৃহীত

তামিলনাড়ুবাসীর ‘আম্মা’ জয়ললিতা অসুস্থ হয়ে ৭৪ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে গতকাল সোমবার রাতে চলে গেছেন না-ফেরার দেশে। তাঁর মৃত্যুতে রাজ্যজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। অভিনেত্রী থেকে কীভাবে তিনি একজন সফল রাজনীতিক হলেন, এ নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে আইএনএস।

জয়ললিতা ব্রাহ্মণ রাজনীতিবিদ হিসেবে বিরূপ পরিবেশে নিজ আসন পোক্ত করে নেন। ছয়বার মুখ্যমন্ত্রী হয়েছেন। অথচ তাঁর নিজ দল এআইএডিএমকে বরাবরই রয়েছে ব্রাহ্মণবিরোধী অবস্থানে। রাজ্যের রাজনীতিতে শক্তিধর এই নেতার জাতীয় রাজনীতিতেও বেশ প্রভাব ছিল। সেলুলয়েডের জগতে পা রাখার সময়ে তিনি ছিলেন লাজুক মেয়ে।

রাজ্যবাসীর ভক্ত ও নেতা-কর্মীদের ‘আম্মা’ কঠোর হাতে শাসন চালাতেন। দলীয় লোকজন রাজনৈতিক বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ্য শুয়ে পড়ে তাঁর পা ছুঁয়ে সালামও করতেন। তিনি জনপ্রিয়তা উপভোগ করতেন, বিশেষ করে অর্থনৈতিকভাবে অসচ্ছলতার মধ্যে বাস করা লোকদের কাছে তিনি প্রায় দেবীতুল্য।

১৯৪৮ সালের ২ ফেব্রুয়ারি কর্ণাটকের মহীশূরে জন্মগ্রহণ করেন জয়ললিতা। পারিবারিক নাম কোমসাভাল্লি। দুই বছর বয়সে বাবা মারা যাওয়ার পর অভিনেত্রী মা ও বোন অম্বুজাবল্লীর সঙ্গে ১৯৫০ সালে চেন্নাইয়ে চলে আসেন।

শিক্ষাজীবনে কৃতী এই ছাত্রী বেঙ্গালুরুর বিশপ কটন বালিকা উচ্চবিদ্যালয় ও চেন্নাইয়ের চার্চ পার্ক বিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৬ বছর বয়সে তাঁর অভিনীত ‘কন্নড়’ একটি সিনেমা ব্লকবাস্টার হিট হয়। পড়াশোনার সময়ই তিনি মঞ্চে অভিনয় শুরু করেন। যদিও উচ্চশিক্ষার আশা ছিল, কিন্তু ধীরে ধীরে অভিনয়ের প্রতি আকর্ষণের কারণে তা আর হয়ে ওঠেনি। জয়ললিতার প্রথম তামিল সিনেমা ‘ভিনাইরা আদাই’ মুক্তি পায় ১৯৬৫ সালে। কয়েক দশক ধরে তামিল, তেলেগু, কন্নড় সিনেমার এই অভিনেত্রী ধর্মেন্দ্রর নায়িকা হিসেবে ‘ইজ্জত’ নামের একটি হিন্দি ছবিতে অভিনয় করেন। ১৯৬১ থেকে ১৯৮০ সাল পর্যন্ত সময়ে মোট ১৪০টি ছবিতে অভিনয় করেছেন জয়ললিতা। দক্ষিণের ছবিতে সবচেয়ে সফল অভিনেত্রীদের একজন ছিলেন তিনি। নৃত্যশিল্পী হিসেবেও দক্ষতা ছিল তাঁর।

অভিনয়জীবনে দক্ষিণের সিনেমার কিংবদন্তি এম জি রামাচন্দ্রনের সঙ্গে পর্দায় জুটি বাঁধেন জয়ললিতা। এই জুটির তামিল সিনেমা ‘আয়িরাধিল ওরুভান’ (১৯৬৫) দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পায়। রুপালি পর্দার এই জুটি ব্যক্তিজীবনে বন্ধুও ছিলেন।

এম জি রামাচন্দ্রন এমজিআর নামে পরিচিত ছিলেন। রামাচন্দ্রনের হাত ধরেই রাজনীতিতে পদচারণ শুরু হয় জয়ললিতার। কিন্তু এর পরের পথচলা তাঁর নিজের পছন্দমতোই করতেন তিনি। অভিনেতা-রাজনীতিক এম জি রামাচন্দ্রনের ঘনিষ্ঠ ছিলেন জয়ললিতা। তাঁর হাত ধরে রাজনীতিতে অভিষেক তামিলনাড়ুর প্রিয় ‘আম্মা’র। ১৯৮২ সালে এআইএডিএমকে দলে যোগ দেন জয়ললিতা। ১৯৮৪ সালে দলের প্রচার সম্পাদক হন তিনি। এরই মধ্যে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন।

আম্মার প্রতি দলীয় আনুগত্য এমনই। ছবি: সংগৃহীত
আম্মার প্রতি দলীয় আনুগত্য এমনই। ছবি: সংগৃহীত

১৯৮৭ সালে রামাচন্দ্রন মৃত্যুর পরই দলে তৈরি হয় বিভাজন। একদল ছিল এমজিআরের স্ত্রী জানকির দিকে আর একদল ছিল জয়ললিতার সঙ্গে। রামাচন্দ্রনের মৃত্যুর পরে জয়ললিতা মুখ্যমন্ত্রী হওয়ার চেষ্টা করেন, কিন্তু তাঁর বদলে মুখ্যমন্ত্রী হন জানকি। পরে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে মুখ্যমন্ত্রী হন তিনি।

১৯৮৯ সালে জয়ললিতা দলের সাধারণ সম্পাদক হন। এ বছরই তিনি প্রথম তামিল বিধান সভার সদস্য নির্বাচিত হন। রাজ্যের প্রথম বিরোধীদলীয় নেতা জয়ললিতা ছিলেন তামিলনাড়ুর দ্বিতীয় নারী মুখ্যমন্ত্রী। ১৯৯১ সালেই মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে তিনি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালের নির্বাচনে হেরে যাওয়ার পর ফের মুখ্যমন্ত্রী হিসেবে ফেরেন ২০০১ সালে। কিন্তু পরের বছরই ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় ছাড়তে হয় মুখ্যমন্ত্রীর পদ। আদালত থেকে খালাস পেয়ে ওই বছরই ফেরেন মুখ্যমন্ত্রিত্বে, শাসন চালান ২০০৬ সাল পর্যন্ত। রাজ্যে তাঁর প্রধান প্রতিপক্ষ ডিএমকেকে হারিয়ে ২০১১ সালে আবার মুখ্যমন্ত্রী হন জনতার ‘আম্মা’ ও এআইএডিএমকে নেতা।

২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর দুর্নীতির দায়ে চার বছরের কারাদণ্ড হয় জয়ললিতার। হারান মুখ্যমন্ত্রীর পদও। মাস খানেক কারাবাসের পর সুপ্রিম কোর্ট থেকে জামিন পান। এরপর ২০১৫ সালের মে মাসে দণ্ড মওকুফ করেন কর্ণাটক হাইকোর্ট। দণ্ড মওকুফের দিনেই পুনরায় মুখ্যমন্ত্রিত্বে ফেরেন তিনি। ২০১৬ সালে বিধান সভা নির্বাচনে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন তামিল জনগণের ‘আম্মা’। ভক্তদের কাছে তিনি পুরাচ্চি থালাইভি বা বিপ্লবী নেত্রী নামেও পরিচিত।

জয়ললিতার প্রভাব ছিল কেন্দ্রীয় রাজনীতিতেও। ১৯৯৯ সালে তিনি কেন্দ্রে বিজেপি সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করায় অটল বিহারি রাজপেয়িকে বেশ সমস্যায় পড়তে হয়েছিল। তিনি সব সময় কংগ্রেসের সঙ্গে ঘৃণা ও ভালোবাসার সম্পর্ক বজায় রেখেছিলেন।

তামিলনাড়ুর কংগ্রেসের সভাপতি এস থিরুনাভুকারাসার ব্যাখ্যা করেছেন কেন জয়ললিতা সফল ছিলেন। তিনি বলেন, ‘একজন রাজনীতিবিদের জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তিনটি গুণ হচ্ছে সাহস, বুদ্ধি ও বিচক্ষণতা; যা জয়ললিতার ছিল। মানুষকে আকৃষ্ট করার সহজাত ক্ষমতা ছিল তাঁর। প্রশাসক হিসেবে তিনি মানুষের সন্তুষ্টি আদায় করেছিলেন।’ একসময়ের এআইএডিএমকের এই নেতা বলেন, ‘মানুষের তৃষ্ণা মেটাতে জল প্রকল্প বাস্তবায়ন এবং বৃষ্টির পানি ধরে রেখে ফসল চাষে তা ব্যবহারের ব্যবস্থা করেন তিনি। রাজ্যে নারী পুলিশ এবং শিশুদের জন্য ‘শৈশবাবস্থা বেবি’ প্রকল্পের কারণেও তিনি বেশ জনপ্রিয়।’

রাজ্যে ডিএমকের নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে রঙিন টেলিভিশন দেওয়া শুরু করে। জয়ললিতা এটা বজায় রাখার সঙ্গে সঙ্গে ল্যাপটপসহ অন্যান্য উপহার দেওয়া শুরু করেন। ‘আম্মা’ ক্যানটিনে ৩ রুপিতে দুপুরের খাবারের ব্যবস্থা এবং জনগণের কল্যাণে নেওয়া তাঁর নতুন নতুন স্কিমের কারণেই লোকে তাঁকে ‘আম্মা’ ডাকা শুরু করেন।

২০০৪ সালে সুনামির পর মানুষকে বিপুল পরিমাণ ত্রাণ দেওয়ায় তৎকালীন মার্কিন সিনেটর হিলারি ক্লিনটন তাঁর ব্যাপক প্রশংসা করেন। কিন্তু এক বছর আগে চেন্নাইয়ে বন্যার কারণে ত্রাণ তৎপরতা নিয়ে সমালোচনার কারণে ২০১৬ সালে বিধান সভা নির্বাচনে কিছু আসন হারান তিনি। দুর্নীতিসহ কয়েকটি অভিযোগে জয়ললিতা বিভিন্ন সময়ে ক্ষমতা এবং ক্ষমতার বাইরে ছিলেন।