লাদাখে পরিস্থিতি গুরুতর: ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস জয়শঙ্কর
ফাইল ছবি

লাদাখে সীমান্ত পরিস্থিতি গুরুতর। ১৯৬২ সালে ভারত–চীন সংঘর্ষের পর পরিস্থিতি এমন গুরুতর আর হয়নি বলে মন্তব্য করছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অবস্থা কতটা খারাপ, তা বোঝাতে তিনি বলেন, ৪৫ বছর পর চীন সীমান্তে এই প্রথম রক্তপাত ঘটল।

প্রকৃত নিয়ন্ত্ররেখা বরাবর এত সেনার সমাবেশও আগে কখনো হয়নি।
চলতি বছরের ১৪ জুন পূর্ব লাদাখের গলওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের মধ্যে ছয় ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। তাতে দুই পক্ষেই বহু সেনা হতাহত হয়। চীনা ফৌজিদের হতাহত নিয়ে নির্দিষ্ট তথ্য না থাকলেও ভারতীয় জওয়ান মারা যান ২০ জন। আহত প্রায় ৮০।

সেই থেকে সীমান্ত আজও অস্থির। নতুন করে সংঘর্ষ না বাধলেও সেনা অপসারণে চীন এখনো অনড় বলে ভারতের দাবি। দুই পক্ষে আলোচনা যদিও অব্যাহত।

জয়শঙ্করের কণ্ঠে সেই কারণেই উদ্বেগ ফুটে উঠেছে। পররাষ্ট্রমন্ত্রীর লেখা বই ‘দ্য ইন্ডিয়া ওয়ে: স্ট্র্যাটেজিস ফর অ্যান আনসার্টেন ওয়ার্ল্ড’ প্রকাশের আগে ‘রিডিফ.কম’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘তিন দশকের অবস্থা খতিয়ে দেখলেই বোঝা যাবে, পরিস্থিতি কতটা সঙিন। সাড়ে তিন মাস ধরে দুই দেশের সেনাবাহিনী ওই তল্লাটে মুখোমুখি দাঁড়িয়ে। কূটনৈতিক ও সেনাপর্যায়ে এতগুলো বৈঠক সত্ত্বেও অবস্থা অপরিবর্তিত।’ তিনি বলেন, চীনকে ভারত স্পষ্ট বলে দিয়েছে, সীমান্তে শান্তি ও সুস্থিতি রক্ষার ওপরেই নির্ভর করছে দুই প্রতিবেশীর সম্পর্ক।

কূটনীতি ছাড়া যে পরিস্থিতি শোধরানোর অন্য উপায় নেই, জয়শঙ্কর সে কথাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বলেন, গত তিন দশকের খতিয়ান দেখলে দেখা যাবে, বহুবার সীমান্তে গোলমাল হয়েছে। ডেপসাং, চুমর, ডোকলাম, অশান্তি দেখা গেছে নানা জায়গায়। প্রতিটির চরিত্র ছিল আলাদা। গলওয়ানের চরিত্রও অন্যদের তুলনায় ভিন্ন। কিন্তু প্রতি ক্ষেত্রে একটা বিষয়ে মিল ছিল। প্রতিটি বিবাদের মীমাংসা কূটনীতির মাধ্যমে করা গেছে, এ ক্ষেত্রে যা এখনো হয়নি।

তিনি বলেন, স্থিতাবস্থা নষ্ট না করে দুই তরফের মধ্যে বোঝাপড়া ও চুক্তিকে সম্মান দেখিয়েই পরিস্থিতির মীমাংসা করতে হবে। সে কথা চীনকে ভারত বারবার মনে করিয়ে দিয়েছে।