লাদাখের রোমিও-জুলিয়েট!

কলেজে পড়ার সময়ের কথা। সেবার তাঁরা হিমালয়ে ভ্রমণে গিয়েছিলেন। তখনই পরিচয়। এরপর যোগাযোগটা থেকে যায়। মাঝে মাঝে কফি শপে বা দুপুরের খাবারের জন্য কোনো রেস্তোরাঁয় হাজির হতেন দুজনে। এভাবে কাটছিল দিনগুলো। এক সময় বৌদ্ধ ধর্মের মেয়ে স্ট্যানজিন স্যালডন অনুভব করলেন, তাঁর মনে মৃদুভাষী মুর্তজা আগার জন্য অন্য রকম এক ভালো লাগার অনুভুতি তৈরি হয়েছে।
একদিন এক রিকশা দুর্ঘটনায় প্রায় মরতে বসেছিলেন স্যালডন। সেই স্মৃতিচারণ করে স্যালডন বলেন, ‘ওই সময় আমার চোখের সামনে মুর্তজার চেহারা ভেসে উঠছিল। ভাবলাম জীবনটা খুব ছোট। তখনই আমি সিদ্ধান্ত নেই, আমি আমার ভালোবাসার কথা প্রকাশ করব। আমি অবশ্যই মুর্তজাকে আমার মনের কথা জানাব।’
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসে স্যালডন ও মুর্তজার এই প্রেমকাহিনি। দুজনেই ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের লাদাখে বেড়ে উঠেছেন। এখানে রয়েছে দর্শনীয় অনেক স্থান। প্রধান শহর লেহতে গেলে মনে হবে যেন হিমালয়ের উঁচু পর্বতে স্থাপিত কোনো জাদুঘরে কাচঘেরা তাকে সযত্নে তুলে রাখা হয়েছে ঐতিহ্যে ভরা বৌদ্ধ সংস্কৃতি। রয়েছে ৫০০ বছরের পুরোনো মঠ। প্রতিবছর হাজারো পর্যটক সেখানে ঘুরে বেড়ান।
অন্যদিকে লাদাখের পশ্চিমে রয়েছে মুসলিম-অধ্যুষিত কারগিল শহর। সেখানে আরবিতে লেখা সাইনবোর্ডের পেছনে দেখা যায় সবুজ গম্বুজের মসজিদ। কারগিল আর লেহ মিলিয়ে দুই শহরের মোট জনগোষ্ঠী আড়াই লাখ। এর মধ্যে দুই ধর্মের মানুষ আধাআধি। হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে সামান্যই। পৃথিবীর এই অঞ্চলে দিন দিন মনে হয় সম্প্রদায়িক বিভক্তি তীব্র হয়ে উঠছে। কিন্তু ৩০ বছরের সমাজকর্মী স্যালডন আর ৩২ বছরের সরকারি প্রকৌশলী মুর্তজার মধ্যে এসব কোনো বাধা হয়ে দাঁড়ায়নি। জম্মু শহরে কাজ করতেন তাঁরা।
স্যালডনের কাছ থেকে ভালোবাসার কথা জানার পর নিজেকে সমর্পণ করেন মুর্তজা। সবার অগোচরে চলতে থাকে তাঁদের প্রেম। তবে মুর্তজা যখন বাবাকে বলে বসেন তিনি স্যালডনকে বিয়ে করতে চান, তখন বেঁকে বসেন বাবা। বাবার এক কথা, অসম্ভব। তাঁর পরিবারের প্রশ্ন তোমাকে কেন এই মেয়ে বিয়ে করতে হবে? মুসলিম মেয়ের কি অভাব পড়েছে?
কিন্তু কে শোনে কার কথা। গত বছরের জুলাইয়ে মুর্তজার চাচার সহায়তায় দুজনে বিয়ে করেন। তারপর চলে যান যে যাঁর কর্মস্থলে। বিয়ের বিষয়টি থেকে যায় সবার অগোচরে। মন খারাপ হয় মাঝে মাঝে। তারপরও স্বপ্ন দেখেন, এক সময় হয়তো সব ঠিক হয়ে যাবে। এক সঙ্গে থাকবেন তাঁরা।
কিন্তু বিষয়টি খুব দ্রুতই দুই পরিবার জেনে যায়। মুর্তজার পরিবার বিষয়টি মেনে নিলেও স্যালডনের পরিবারের পাগলপ্রায় অবস্থা। তারা মেয়েকে বাড়ি নিয়ে ঘরবন্দী করে রাখে। মেয়ের শুদ্ধির জন্য প্রার্থনা করতে ধর্মীয় গুরুদের ডেকে আনে। এই পরিস্থিতির মানসিক ঝড়ে স্যালডনের ২০ পাউন্ড ওজন কমে যায়। বাবার চিৎকারে সারাক্ষণ আতঙ্কে থাকতেন তিনি। মুর্তজার জন্য মন কাঁদত তাঁর।

স্যালডন বলেন, পুরো বিশ্ব থেকে আমি বিচ্ছিন্ন হয়ে পড়ি। বাবার চিৎকারে আমি সব সময় ভয়ে থাকতাম। তিনি বলতেন, ‘কেন তুই জন্মের আগেই মরলি না?’
একদিন সকালে বাড়ি থেকে পালান স্যালডন। তিনি জানতেন, তাঁর পরিবার অবশ্যই তাঁকে খুঁজবে। তাই তিনি বাড়ি থেকে পালিয়ে আদালতের দ্বারস্থ হন। পরিবার থেকে মুক্তি চান তিনি। কিন্তু এখন তাঁর বিয়ের বিষয়টি পরিবারের চেয়ে লেহ শহরের বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এরই মধ্যে বৌদ্ধ সম্প্রদায়ের সংগঠনগুলো বিষয়টি নিয়ে ফুঁসে ওঠে। স্যালডন বাড়ি থেকে পালানোর পর তাঁকে ধরতে যুবকদের লেলিয়ে দেয় নেতারা। তারা শহরের প্রধান বাজার চষে বেড়ায়। সব দোকানিদের কাছে তাঁকে ধরতে সাহায্য চাওয়া হয়। কারগিল থেকে যেসব ট্যাক্সি চালক ও ব্যবসায়ীরা লেহ শহরে কাজে আসত তাদের এখানে আর কাজ করতে দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়। কয়েকজনকে মারধরও করা হয়।
বৌদ্ধ সম্প্রদায়ের সংগঠনগুলো গত সেপ্টেম্বরে বিষয়টি নিয়ে রাজ্য সরকারকে চিঠি দেয়। বলা হয়, ‘আমরা বারবার মুসলিম সম্প্রদায়ের নেতাদের বলেছি এ ধরনের পাপ ও বিকৃত কাজ থেকে নিজেদের লোকজনকে দূরে রাখতে। না হলে এটি সাম্প্রদায়িক বিরোধের সৃষ্টি করবে।’
অন্যদিকে কারগিলের মুসলিম নেতারাও থেমে নেই। তারাও বৌদ্ধ নেতাদের চিঠি পাঠিয়ে শান্ত থাকতে বলেন। তবে এ বিষয়ে রাজ্য সরকার কেবল বাজারে পুলিশ পাঠানো ছাড়া আর কোনোভাবে নাক গলাতে রাজি হয়নি।
দিনদিন লেহর বৌদ্ধদের মধ্যে এ নিয়ে তিক্ততা বাড়তে থাকে। একজন প্রধান লামা গুসি কোনচোক নামঘায়েল বলেন, ‘মুসলিমরা আমাদের শেষ করে দিতে চাইছে।’ তিনি বলেন, শুধু যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিজেদের মধ্যে বিয়ে হলেই হতো তা নয় বরং মুসলিমদের সংখ্যার সঙ্গে টেক্কা দিতে একজন বৌদ্ধ নারীকে ১২টি সন্তানের জন্ম দিতে হয়। না হলে বৌদ্ধরা ‘বিলুপ্ত’ হয়ে যাবে।
যারা পারিবারিকভাবে বিয়েতে রাজি নন, তাদের পক্ষ হয়ে লড়তে এবং যারা নিজেদের পছন্দে বিয়ের পর পারিবারিক নির্যাতনের শিকার হতে হয় তাদের সহায়তা দিতে কাজ করে ভারতীয় স্বেচ্ছাসেবী সংস্থা লাভ কমান্ডোজ। এর প্রধান হর্ষ মালহোত্রা বলেন, এ ঘটনা দেশজুড়ে সবার নজর কেড়েছে। কিন্তু এতে তিনি অবাক হননি। তিনি বলেন, গঙ্গা যেমন অবাধে বয়ে চলছে, তেমনি যে কোনো গোত্র, ধর্ম, সম্প্রদায়ের মানুষের ভালোবাসায় কোনো বাধা থাকবে না। তিনি বলেন, এটি রোমিও-জুলিয়েটের লাদাখ সংস্করণ।
গত সেপ্টেম্বরে স্যালডনকে ঘরে তোলেন মুর্তজা। ঘটা করে বিয়ে পরবর্তী অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন বউকে বরণ করে নেয় মুর্তজার পরিবার। মুর্তজাদের টিনের চালার বাড়ির পেছন উঁকি দিয়ে আছে হিমালয়। সামনে বিশাল সবুজ লন। সেখানে ঘুরে বেড়াচ্ছেন অনুষ্ঠানের অতিথিরা। তবে সেই আয়োজনে নেই শুধু কনের পরিবারের কেউ।
শান্ত এলাকা লেহ এখন অনেকটাই অশান্ত হয়ে উঠেছে। কিন্তু স্যালডন-মুর্তজা এসবের অবসান চান। স্যালডন আশা করেন, একদিন তাঁর পরিবার সব ভুলে তাঁকে ও তাঁর স্বামীকে বুকে জড়িয়ে নেবে। এখন তাঁরা জম্মু শহরে হিন্দু অধ্যুষিত এক এলাকায় অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়ে আছেন। আপাতত এই এলাকাকেই ‘নিরপেক্ষ অঞ্চল’ মনে করছেন স্যালডন-মুর্তজা দম্পতি।