লালু ও পুত্রের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালু প্রসাদ
লালু প্রসাদ

বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও রাষ্ট্রীয় জনতা দল নেতা লালু প্রসাদ ও তাঁর স্ত্রী-পুত্রের বিরুদ্ধে দুর্নীতির মামলা রুজু করল সিবিআই। গতকাল শুক্রবার এ মামলা করার পাশাপাশি দিল্লি, গুরুগ্রাম, পাটনা ও রাঁচিতে লালু প্রসাদের বাড়িসহ মোট ১২টি জায়গায় তল্লাশি চালানো হয়।

তাঁদের বিরুদ্ধে অভিযোগ, রেলমন্ত্রী থাকাকালীন লালু প্রসাদ রাঁচি ও পুরীতে রেলের দুটি হেরিটেজ হোটেল চালানো ও রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে টেন্ডারে দুর্নীতি করেছিলেন। লালু প্রসাদ ছাড়াও মামলা করা হয়েছে তাঁর স্ত্রী রাবড়ি দেবী, পুত্র তেজস্বী যিনি বিহারের উপ-মুখ্যমন্ত্রী, ভারতীয় রেলের ক্যাটারিং ও ট্যুরিজিম করপোরেশনের (আইআরসিটিসি) সাবেক ব্যবস্থাপনা পরিচালক পি কে গোয়েল, লালুঘনিষ্ঠ আরজেডি নেতা রাজ্যসভার সাবেক সদস্য প্রেমগুপ্ত ও তাঁর স্ত্রী সরলা দেবীর বিরুদ্ধে।

সিবিআইর অভিযোগ, টেন্ডারে কারচুপি করে হোটেল দুটি ১৫ বছরের জন্য চালানো ও তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব একটি বেসরকারি সংস্থাকে দেওয়ার বিনিময়ে লালু প্রসাদ তাদের কাছ থেকে ৩ একর জমি নিয়েছিলেন।