লালুপ্রসাদের মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে অভিযোগপত্র

বিহারের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) নেতা লালুপ্রসাদ যাদবের মেয়ে মিসা ভারতী ও জামাতা শৈলেশ কুমারের বিরুদ্ধে ভারতের নয়াদিল্লির বিশেষ আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বেআইনি আর্থিক লেনদেনসংক্রান্ত এক মামলায় গতকাল শনিবার এ অভিযোগপত্র দেওয়া হয়। আগামী মাসের প্রথম সপ্তাহে এ মামলার শুনানি হবে।
দুর্নীতির দায়ে করা মামলায় মিসা ও তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ২০০৮-০৯ সালে দক্ষিণ দিল্লির ২৬, পালাম ফার্মস এলাকায় অবস্থিত একটি খামারবাড়ি ক্রয়কে কেন্দ্র করে ১ কোটি ২০ লাখ রুপির আর্থিক দুর্নীতিতে জড়িয়ে পড়েন। খামারবাড়িটি কেনা হয়েছিল মিসাদের কোম্পানি মেসার্স মিশাইল প্রিন্টার্স অ্যান্ড প্যাকার্স প্রাইভেট লিমিটেডের নামে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি দিল্লির বিশেষ আদালতের বিচারক এন কে মালহোত্রার আদালতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। ইডি এরই মধ্যে ওই খামারবাড়িটি বাজেয়াপ্ত করেছে।
অন্যদিকে গতকালই লালুপ্রসাদকে পশুপালন কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত করে রায় দেন রাঁচির বিশেষ সিবিআই আদালত। আগামী ৩ জানুয়ারি আদালত লালুপ্রসাদের সাজা ঘোষণা করবেন। তাঁকে গতকালই রাঁচির কারাগারে নেওয়া হয়েছে।