লালুর কাছে যেতে দুই ভক্তের কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালুপ্রসাদ যাদব ছবি : এএফপি
লালুপ্রসাদ যাদব ছবি : এএফপি

মদন ও লক্ষ্মণ দুজনেই বিহারের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালুপ্রসাদ যাদবের ভক্ত। রাজধানী পাটনায় লালুর ছায়াসঙ্গী ছিলেন তাঁরা। পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়ে লালু এখন ঝাড়খন্ডের বিরসা মুন্ডা কারাগারে। তাই এই দুই ভক্তও সেই কারাগারে পৌঁছানোর জন্য ফন্দি আঁটেন।

গত ২৩ ডিসেম্বর সুমিত যাদব নামে রাঁচির এক যুবক রাঁচির লোয়ার বাজার থানায় মামলা করেন, মদন ও লক্ষ্মণ তাঁকে মারধর করে ১০ হাজার রুপি ছিনিয়ে নিয়েছেন। এরপরেই মদন ও লক্ষ্মণ থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। আদালতও তাঁদের কারাগারে পাঠান। আর এই ঘটনা নিয়ে রাঁচিতে শুরু হয় তোলপাড়।

কারাগারের সুপার অশোক চৌধুরী দাবি করেছেন, রাঁচির এই কারাগারে রয়েছেন প্রায় ২ হাজার ৮০০ কয়েদি। লালুপ্রসাদ রয়েছেন আপার ডিভিশন সেলে। এখনো অবশ্য ওই দুই বন্দীর লালুপ্রসাদের সঙ্গে সাক্ষাৎ হয়নি।

রাঁচির পুলিশের এএসপি কুলদীপ দ্বিবেদি বলেছেন, ‘ঘটনাটি নিয়ে আমরা নতুন করে পর্যালোচনা শুরু করেছি। ছিনতাইয়ের মামলাটির কতটা সত্যতা রয়েছে, এখন তদন্ত করে তা দেখা হচ্ছে।’

২০১৩ সালে সেপ্টেম্বর মাসে লালুপ্রসাদ যাদব যখন পশুখাদ্য কেলেঙ্কারিতে জড়িয়ে চাইবাসা ট্রেজারির অর্থ আত্মসাতের মামলায় পাঁচ বছরের কারাদণ্ডে দণ্ডিত হন, তখনো এই মদন যাদব বিচারাধীন বন্দী হয়ে বিরসা মুন্ডা কারাগারে গিয়েছিলেন লালুর সেবার জন্য। তবে এবার নতুন যোগ হয়েছে লক্ষ্মণ মাহাত। মদন এবার গেলেন রাঁধুনি হিসেবে আর লক্ষ্মণ গেলেন লালুর পরিচর্যাকারী হিসেবে।