লাহোরে পৌঁছেছেন নরেন্দ্র মোদি

পাকিস্তানের লাহোর শহরে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবাইকে রীতিমতো চমকে দিয়ে আফগানিস্তানের কাবুল সফর শেষে নয়াদিল্লি ফেরার পথে আজ শুক্রবার লাহোরে গেলেন ভারতের প্রধানমন্ত্রী। সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি। খবর বিবিসির।
মোদিকে বহনকারী এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানটি স্থানীয় সময় সন্ধ্যার দিকে লাহোরের আল্লামা ইকবাল বিমানবন্দরে অবতরণ করে। নওয়াজ শরিফ বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।
এর আগে আজ হঠাৎ করেই লাহোর সফরে যাওয়ার কথা ঘোষণা দেন মোদি। ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, টুইটারে লাহোর যাওয়ার ঘোষণা দিয়ে সবাইকে বিস্মিত করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
আজ আফগানিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে অংশ নেওয়ার পর মোদির কাছ থেকে লাহোর যাওয়ার ঘোষণা আসে।
আজই ৬৬ বছরে পা রেখেছেন নওয়াজ। সকালে তাঁকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন মোদি। এই দুই নেতা লাহোরে বৈঠক করার পাশাপাশি বিশেষ ভোজে অংশ নেবেন।
গত বছর ক্ষমতায় আসার পর এই প্রথম মোদি পাকিস্তানে যাচ্ছেন। আর প্রায় এক যুগের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী পাকিস্তানে গেলেন।
মোদির আকস্মিক পাকিস্তান সফরের খবরে সবাই নড়েচড়ে বসেছেন। গত জুলাইয়ে রাশিয়ায় বৈঠক করেন মোদি ও নওয়াজ। এরপর
দুই প্রধানমন্ত্রী গত মাসের শেষের দিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে জলবায়ু সম্মেলনের ফাঁকে বৈঠক করেন। তাঁরা হাত মেলান। মিনিট পনেরো কথাও বলেন।
মোদি-নওয়াজের ওই বৈঠকের পর দুই দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ব্যাংককে বৈঠক করেন। পরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ইসলামাবাদে যান।
এসব ঘটনাকে বিশ্লেষকেরা চীর প্রতিদ্বন্দ্বী দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সম্পর্কে বরফ গলার আভাস হিসেবে মনে করছেন।