লিঙ্গ নির্ধারণ পরীক্ষা দিয়েই ভ্রূণহত্যা ঠেকানো যাবে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কন্যাশিশুর ভ্রূণহত্যা রুখতেই মায়ের পেটে থাকা শিশুর লিঙ্গ নির্ধারণ পরীক্ষা নিষিদ্ধ করেছে ভারত সরকার। কিন্তু সেই পরীক্ষাকেই বাধ্যতামূলক করার কথা বলছেন সরকারের নারী ও শিশুবিষয়ক মন্ত্রী মানেকা গান্ধী। তাঁর মতে, এর মাধ্যমেই ভ্রূণহত্যা ঠেকানো যাবে। খবর এএফপির।
পরীক্ষার মাধ্যমে আগেভাগেই সন্তানের লিঙ্গ জেনে যাওয়ার সুযোগ থাকায় ভারতে অহরহ কন্যাশিশুর ভ্রূণহত্যার ঘটনা ঘটে। এটা রুখতে আইন করে লিঙ্গ নির্ধারণ পরীক্ষা নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্ট অভিভাবক ও চিকিৎসকের পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে। তারপরও চুপিসারে ব্যাপক হারে এ ঘটনা ঘটছে।
এ প্রেক্ষাপটে গত সোমবার রাতে জয়পুর শহরে এক অনুষ্ঠানে মন্ত্রী মানেকা গান্ধী বলেন, ‘আমার ব্যক্তিগত অভিমত হলো, বর্তমান নীতিতে পরিবর্তন আনতে হবে। প্রত্যেক অন্তঃসত্ত্বা নারীকে আবশ্যকভাবে জানাতে হবে, তাঁর ছেলে না মেয়ে হবে।...যখন একজন নারী অন্তঃসত্ত্বা হবেন, সেটা নথিভুক্ত করতে হবে। সেটা করলে, সেই নারী শিশুর জন্ম দিলেন কি না অথবা কী ঘটল (ভ্রূণ হত্যা করা হলো কি না), তার ওপর চোখ রাখতে পারবেন।’
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী, প্রতি ১ হাজার পুরুষের বিপরীতে নারী রয়েছে ৯৪০ জন। আর ব্রিটিশ চিকিৎসা সাময়িকীর ২০১১ সালের এক প্রতিবেদন অনুযায়ী, ভারতে গত তিন দশকে ১ কোটি ২০ লাখ কন্যাশিশুর ভ্রূণ হত্যা করা হয়েছে।